গণমাধ্যমকে সরকারের শত্রু বা প্রতিপক্ষ না ভেবে রাষ্ট্রের পথপ্রদর্শক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী।
তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে শুধু সামনের দিকে এগিয়ে নিতেই সাহায্য করে। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সঙ্গে বৈরিতা তৈরি করে কোনো সরকারই কখনও উপকৃত হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন কাভার করতে নিউইয়র্কে আসা বাংলাদেশি সাংবাদিকদের সম্মানার্থে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রফেসর সৈয়দ আজাদ, গাজী মনির আহমেদ, মোতাহার হোসেন, নূর মোহাম্মদ, এটিএম হেলালুর রহমান, মাহবুবুর রহমান, শাহ আলম, নূর আলমসহ জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম লাভলু, দীন ইসলাম, সাইফুল ইসলাম ও মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।
বিএফইউজে মহাসচিব সংবাদপত্রের মূল আদর্শ তুলে ধরে বলেন, সংবাদমাধ্যমের আনুগত্য থাকবে কেবল সত্য ও সাধারণ জনগণের প্রতি, কোনো রাজনৈতিক দল বা ক্ষমতার কেন্দ্রের প্রতি নয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, গণতন্ত্রের শত্রুরাই মূলত গণমাধ্যমের সবচেয়ে বড় শত্রু, কারণ যেখানে গণতন্ত্র বজায় থাকে না, সেখানে সংবাদপত্রের স্বাধীনাতাও ধূলিসাৎ হয়ে যায়। তবে শুধু স্বাধীনতার চর্চা করলেই হবে না, সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার প্রতিও নজর রাখতে হবে। যে কোনো মূল্যে অপতথ্য ও গুজবের বিভ্রান্তি থেকে গণমাধ্যমকে দূরে থাকার তাগিদ দেন তিনি।
সংবাদপত্র শিল্পের বর্তমান শৃঙ্খলা ও নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাদের গনি চৌধুরী বলেন, ব্যাঙের ছাতার মতো পত্রিকা প্রকাশের সুযোগ দেওয়ার নীতি একেবারেই অনুচিত। হাতে গোনা কয়েকটি সংবাদপত্র ছাড়া বেশিরভাগ পত্রিকারই কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। ওয়েজবোর্ড বাস্তবায়ন তো দূরের কথা, সেখানে সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতাও প্রদান করা হয় না। এই খাতের নৈরাজ্য অবিলম্বে দূর করা জরুরি।
বিগত সরকারের আমলে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হলেও বর্তমান মুক্ত পরিবেশের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, এই স্বাধীনতা যেন ভবিষ্যতে অক্ষুণ্ণ থাকে। একইসঙ্গে সরকারকে বার্তা দিয়ে তিনি বলেন, তোষামোদকারীরা সাফল্যের মিথ্যা গল্প শোনালেও গণমাধ্যম সবসময় সত্যটাই আয়নার মতো তুলে ধরবে।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
আট মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের ১৯১৯ ঘটনা, ধর্ষণের শিকার ৩৩১
গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন