বিশ্ববাজারে আবারও বড় দরপতনের মুখে স্বর্ণ। ১৯ মাসের মধ্যে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৩ হাজার ৮০০ ডলারের নিচে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী ডলার এবং মূল্যস্ফীতির উদ্বেগে চাপে মূল্যবান এই ধাতুর বাজার। এদিকে, স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে আরও দুই বছর লাগতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স।
গতবছরটা রমরমা গেলেও, চলতি বছর মন্দা নেমেছে স্বর্ণের বাজারে। একসময় বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণ এখন নিজেই বড় পতনের মুখে। বুধবার বিশ্ববাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম নামে ৩,৭৯২ ডলারে, যা বিগত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, বিনিয়োগকারীদের দু:সংবাদ দিল গোল্ডম্যান স্যাক্স। আবারও রেকর্ড দাম ছুঁতে স্বর্ণের দরকার হবে আরও ২ বছর।
সাম্প্রতিক দরপতনের প্রধান কারণ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি। জ্বালানির উর্ধ্বমুখী দামের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি। যা নিয়ন্ত্রণে রাখতে কয়েক দফা সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। যার ফলে, মুদ্রাবাজারে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। দর বাড়লে স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা ডলারের দিকে ঝোঁকে। সুদবিহীন সম্পদ হওয়ায় কমে স্বর্ণের আকর্ষণ।
জানুয়ারিতে আউন্সপ্রতি স্বর্ণের দাম ছাড়ায় সর্বকালের সর্বোচ্চ ৫,৬০০ ডলারের ঘর। কিন্তু ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর সাথে শুরু হয়, মূল্যবান এই ধাতুর দু:সময়। এরপর থেকে এখন পর্যন্ত স্বর্ণ দাম হারিয়েছে প্রায় ৩৩ শতাংশ। স্বর্ণের বাজারের মন্দা অবস্থা দীর্ঘায়িত হবার পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস, স্বর্ণের দাম আবারও আগের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে, দীর্ঘমেয়াদে বাজার নিয়ে পুরোপুরি নেতিবাচক নয় প্রতিষ্ঠানটি। ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৪৬৫০ ডলারে উঠতে পারে বলে জানিয়েছে গোল্ডম্যান স্যাক্স। ২০২৮ এর শেষ নাগাদ আবারও যা উঠবে ৫,৬০০ ডলারে।
বিশ্লেষকদের মতে, স্বর্ণের বাজারে এখন তৈরি হয়েছে দ্বিমুখী পরিস্থিতি। একদিকে উচ্চ সুদের হার ও শক্তিশালী ডলার স্বল্পমেয়াদে দাম কমিয়ে রাখছে। অন্যদিকে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা দীর্ঘমেয়াদে চাহিদার ভিত্তি ধরে রাখতে পারে। ফলে আপাতত স্বর্ণবাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা থাকলেও দীর্ঘমেয়াদে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
