দেশে ছয় লাখ মানুষের জন্য একজন মনোচিকিৎসক রয়েছেন। এই বাস্তবতায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং মানসিক সঙ্কটে থাকা ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দেওয়ার সক্ষমতা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশান-২-এর একটি হোটেলে ‘বিশ্ব মেন্টাল হেলথ ফার্স্ট এইড’ দিবস ২০২৬ এবং কার্যক্রমের এক দশকের অগ্রযাত্রা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন (আইডব্লিউএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল—‘যত্নের দশক: বাংলাদেশে মানসিক স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসার দশ বছর’। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘প্রস্তুত যখন এটা গুরুত্বপূর্ণ’-এর মূল বার্তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি সমন্বিতভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, দেশে আইনি কাঠামোয় মানসিক স্বাস্থ্যের অবস্থা খুবই দুর্বল। এ ক্ষেত্রে আইনি কী কী জটিলতা রয়েছে, তা পর্যালোচনা করা জরুরি। প্রত্যন্ত এলাকায় পরিবারের সদস্যদের মধ্যে কেউ একা হয়ে গেলে তাকে সহযোগিতা করার মতো পরিস্থিতি থাকে না—এমন অনেক উদাহরণ সামনে রয়েছে। নীতিমালাগুলো বিশ্লেষণ করে কীভাবে সেগুলো সেবায় রূপান্তর করা যায়, তা খতিয়ে দেখা যেতে পারে।
সমাজের মূল্যবোধ উপেক্ষা করে কেবল অর্থনীতির পেছনে ছুটলে সামাজিক গুরুত্ব কখনোই প্রাধান্য পাবে না উল্লেখ করে ড. জিয়াউদ্দিন হায়দার সঙ্কট ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, বর্তমানে ৬২ লাখ মানুষকে জনপ্রতি ৭০০ টাকা করে বয়স্কভাতা দেওয়া হচ্ছে এবং আরও ৩২ লাখ মানুষ এ ভাতার অপেক্ষায় আছেন। এছাড়া অসহায় শিশুদের জন্য দেশে ৮৫টি শিশু পরিবার রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ১০ হাজার শিশুকে প্রতিপালন করা হয়। তিনি বলেন, সরকারের সহায়তার পরিধি বিস্তৃত হলেও সবাইকে চিহ্নিত করা সম্ভব হয় না। এমন একটি দেশ ও সমাজ প্রত্যাশিত, যা শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না, মানসিক স্বাস্থ্য ভালো রাখা এবং সচেতনতা তৈরিতেও এগিয়ে থাকবে।
স্বাগত বক্তব্যে আইডব্লিউএফের চেয়ারম্যান মনিরা রহমান জানান, ২০১৫ সালের মার্চ মাসে এমএইচএফএ ইংল্যান্ডের সহযোগিতায় বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেন্টাল হেলথ ফার্স্ট এইড কার্যক্রম শুরু হয়। গত এক দশকে এ উদ্যোগ মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং সংকটে থাকা মানুষকে প্রাথমিক সহায়তা দেওয়ার সক্ষমতা গড়ে তুলতে ভূমিকা রেখেছে। তিনি জানান, এ পর্যন্ত সাতটি ‘ট্রেনিং ফর ট্রেইনার্স’ কোহর্টের মাধ্যমে ৭২ জন জাতীয় পর্যায়ের প্রশিক্ষক ও ইনস্ট্রাক্টর তৈরি করা হয়েছে। পাশাপাশি পাঁচ হাজারের বেশি সার্টিফায়েড মেন্টাল হেলথ ফার্স্ট এইডার এবং ১০ হাজারের বেশি মেন্টাল হেলথ চ্যাম্পিয়ন গড়ে উঠেছেন। এর ফলে মানুষ মানসিক সমস্যার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে, সহমর্মিতাপূর্ণ যোগাযোগ স্থাপন করতে এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নিতে অন্যদের উৎসাহিত করতে পারছেন।
অনুষ্ঠানে ফাহমিদা আক্তার উপস্থাপিত প্রবন্ধে মানসিক স্বাস্থ্য বিষয়ে জ্ঞান, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবের পরিবর্তনের দিকগুলো তুলে ধরেন। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ফার্স্ট এইডারদের বাস্তব অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে এমএইচএফএ বাংলাদেশের নিজস্ব মাসকট ‘পাপেট শো’ উন্মোচন করা হয় এবং অংশীজনদের নিয়ে মতবিনিময় ও নেটওয়ার্কিং পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও আইডব্লিউএফের ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, কারিতাস বাংলাদেশের দাউদ গোমেজ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোজের জেনারেল সেক্রেটারি সৈয়দ ইসতিয়াক এবং এনআইএমএইচের অধ্যাপক ড. ফারজানা রহমান। সমাপনী বক্তব্য দেন আইডব্লিউএফের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহজাবিন হক। এ ছাড়া প্রশিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত ফার্স্ট এইডার, নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা প্রদানকারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, করপোরেট ও মানবসম্পদ খাতের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
