দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে প্রথমবারের মতো চালু হলো ইলেকট্রনিক গেইট (ই-গেইট) সিষ্টেম। ম্যানুয়াল পদ্ধতির ঝামেলা না থাকায় এখন সর্বোচ্চ ৩০ থেকে ৪০ সেকেন্ডে যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। আগে যেখানে সময় লাগত ৩ থেকে ৪ মিনিটের মতো।
শনিবার বিকাল ৫টায় বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে ই-গেইট উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী ই-পাসপোর্ট ও ই-গেটের মাধ্যমে ডিজিটালাইজড ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা পরিকল্পনা গ্রহণ করেছেন। যাত্রীসেবায় দ্রুত ও নিরাপদ ইমিগ্রেশনের জন্য, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সকল সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর এ সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যম স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বদা সচেষ্টা থাকবে।
বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারী পাসপোর্টধারীদের ভোগান্তি অনেকটা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: বিএনপি পদযাত্রার নামে নির্বাচন বানচাল করতে চায়: পরশ

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহম্মেদএমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চোধুরী, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা পরিচালক মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম ও জেলা পুলিশ প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রমুখ।
একাত্তর/আরবিএস
