নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার সোনাপুর টু ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আজাদ (৫০) নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি গোপাই এলাকার সওদাগর বাড়ির শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, উপজেলার সোনাপুর টু ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টার সংলগ্ন রহমানিয়া রাস্তার মাথায় মূল সড়কের ওপর দিয়ে রাস্তা পারের সময় একটি মোটরসাইকেল আজাদকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ এ ঘটনায় ‘অন টেস্ট’ মোটরসাইকেলটি জব্দ করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মুছা জানান, মোটরসাইকেল চালক পালিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত দুই