জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাঠের মাঝামাঝি তারকাঁটার বেড়া থাকায় শিক্ষার্থীরা যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে ধর্মপুর উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় বাসিন্দা আব্দুল আলীর কাছ থেকে এওয়াজ-বদলের মাধ্যমে ১২ শতাংশ জমি নেওয়ার কথা ছিলো। পাশাপাশি তিনি বিদ্যালয়ের নামে আরও পাঁচ শতক জমি দান করার প্রতিশ্রুতি দেন। এর বিনিময়ে বিদ্যালয় কর্তৃপক্ষের স্থানীয় আইনজীবী মনোরঞ্জন পালের কাছ থেকে জমি কিনে আব্দুল আলীকে দেওয়ার কথা ছিলো।
তবে অভিযোগ উঠেছে, উক্ত জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে তৎকালীন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিন হাওলাদার ও প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত জমি না পাওয়ায় পরবর্তীতে আব্দুল আলী তার মালিকানাধীন জমিতে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে দেন। এর ফলেই সংকুচিত হয়ে পড়ে বিদ্যালয়ের খেলার মাঠ।
এ বিষয়ে ধর্মপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, বিষয়টি সমাধানের জন্য শিগগিরই একটি মীমাংসা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকের মাধ্যমে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত আব্দুল আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রূ মারমা বলেন, বিষয়টি আমি জেনেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
