যশোরে জাহাঙ্গীর আলম নামে এক ওষুধ ব্যবসায়ী নিখোঁজ হওয়ার দুই দিন পার হলেও এখনো তার সন্ধান মেলেনি। অপহরণকারীরা অপহৃতের মুঠোফোন দিয়ে পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলেও পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।
বুধবার (৪ মার্চ) দুপুরে যশোর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তার স্ত্রী রেশমা খাতুন জাহাঙ্গীর আলমকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের বিচারের দাবি জানিয়েছেন। কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন রেশমা ও তার সন্তানেরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২ মার্চ) রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরে জাহাঙ্গীরের নিজের মুঠোফোন ব্যবহার করেই পরিবারের সদস্যদের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
মঙ্গলবার (৩ মার্চ) এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী রেশমা খাতুন।
সাংবাদিক সম্মেলনে রেশমা খাতুন জানান, অপহরণের পর থেকে তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। তিনি বলেন, অপহরণের পর থানায় অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু এখনো আমার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা তাকে দ্রুত ও জীবিত ফিরে পেতে চাই
