মানুষের ন্যূনতম বা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত করে হামলা চালাতে সক্ষম স্বয়ংক্রিয় মারণাস্ত্র—যা ‘কিলার রোবট’ নামে পরিচিত, নিয়ন্ত্রণে জাতিসংঘের বহুল প্রতীক্ষিত আলোচনা শেষ হয়েছে এক হতাশাজনক ও দুর্বল সমঝোতার মধ্য দিয়ে।
শনিবার, সুইজারল্যান্ডের জেনেভায় সমাপ্ত বৈঠকে আগামী দুই বছরের মধ্যে নতুন বিধিমালা তৈরির বিষয়ে আরও আলোচনার অঙ্গীকার করা হলেও, ভবিষ্যৎ সেই পদক্ষেপ আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, তা অমীমাংসিতই থেকে গেছে।
রাশিয়ার প্রবল বিরোধিতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর আপত্তির মুখে মূল দাবি থেকে সরে আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

ইউক্রেন, সুদান এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে গত সোমবার থেকে জেনেভায় ‘কনভেনশন অন সার্টেন কনভেনশনাল উইপনস’-এর সদস্য রাষ্ট্রগুলো বৈঠকে বসে।
জাতিসংঘ মহাসচিব, পোপ এবং রেড ক্রসের পাশাপাশি প্রায় ১০০টি দেশ স্বল্প সময়ের মধ্যে এই অস্ত্র নিয়ন্ত্রণে আইনগতভাবে বাধ্যতামূলক কঠোর নীতিমালার দাবি জানিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর বিরোধিতায় শেষ পর্যন্ত একটি ‘পানি মেশানো’ বা দুর্বল চুক্তিতে পৌঁছাতে হয়।
কূটনীতিকরা জানান, কার্যপ্রণালীর নিয়ম নিয়ে রাশিয়ার আপত্তির কারণে কয়েকটি আনুষ্ঠানিক বৈঠক বাতিল করতে হয় এবং সমঝোতা নথির মাত্র কয়েকটি শব্দ নিয়ে আলোচনাকারীদের রাতভর তুমুল বাগ্যুদ্ধ ও দরকষাকষি চালাতে হয়েছে।

ভোর ৪টার পর আলোচনা শেষে ক্লান্ত ও ভাঙা কণ্ঠে বৈঠকের সুইস চেয়ারম্যান জুলিয়েন থোয়েনি একে ১০ বছরের বেশি সময়ের আলোচনার পর মানবিক নিরস্ত্রীকরণের একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে দাবি করেন। তবে নতুন আইনের পক্ষের এক কূটনীতিক স্বীকার করেছেন, ফলাফলটি হতাশাজনক হলেও পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
এই দুর্বল সমঝোতার তীব্র সমালোচনা করে মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন যে, বিশ্বনেতাদের এই দীর্ঘসূত্রতার সুযোগে মারণাস্ত্র প্রযুক্তি এখন কূটনীতিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। বৈঠকের ফাঁকে ‘স্টপ কিলার রোবটস’-এর নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইজেন বলেন, “আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরিতে বিলম্ব করা বেসামরিক নাগরিক এবং পুরো মানবজাতিকে চরম ঝুঁকির মুখে ফেলছে।”
এদিকে বর্তমান জাতিসংঘ কাঠামোর ১২৮টি সদস্য রাষ্ট্রের সবার সর্বসম্মতির বাধ্যবাধকতা এড়িয়ে, বিকল্প কোনো আন্তর্জাতিক প্রক্রিয়ায় নতুন আইন তৈরির প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষক ও সাবেক সামরিক কর্মকর্তাদের একাংশ।
তথ্যসূত্র: রয়টার্স
