ইমরান খানকে হটিয়ে ক্ষমতায় আসার পর থেকে নানামুখী চাপের মুখে রয়েছে শাহবাজ শরীফের সরকার। এরই মধ্যে পাকিস্তানের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সে দেশের জনগণকে চা খাওয়া কমিয়ে দিতে আহবান জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ মন্ত্রী।
বুধবার (১৫ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, উচ্চ আমদানি খরচ কমাতে পাকিস্তানিদের কম কম চা খেতে পরামর্শ দিয়েছেন দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল।
তিনি বলেন, যেহেতু আমরা ঋণের টাকায় চা আমদানি করি, তাই আমি সবাইকে অনুরোধ করবো দৈনিক চা পানের পরিমাণ এক থেকে দুই কাপ কমিয়ে দিতে। সেইসাথে বিদ্যুৎ খরচ বাঁচাতে রাত সাড়ে আটটার মধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ারও আহবান জানান তিনি।
পৃথিবীর সবচেয়ে বেশি চা আমদানিকারক দেশ পাকিস্তান। গত বছর দেশটি প্রায় ছয়শ' মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করে।
আরও পড়ুন: ১০৪ ঘণ্টা পর কুয়োতে পড়ে যাওয়া শিশু উদ্ধার
পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের খুব দ্রুত পতন ঘটছে। গত চার মাসে পাকিস্তানের বৈদেশিক লেনদেনের রিজার্ভ ১৬ বিলিয়ন ডলার থেকে ১০ বিলিয়ন ডলারেরও কমে নেমে এসেছে। এই অবস্থায় আমদানি ব্যয় কমিয়ে দিতে চাপের মধ্যে আছে দেশটির সরকার।
আহসান ইকবালের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। চা খাওয়ার পরিমাণ কমিয়ে দেশের অর্থনৈতিক সংকট কাটানো সম্ভব কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।
একাত্তর/এসজে
