আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। এক বন্দুকধারী তাকে গুলি করতে গেলে বন্দুক বিকল হয়ে যাওয়ায় বেঁচে যান তিনি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) আদালত থেকে বাড়ি ফিরছিলেন ক্রিস্টিনা। এমন সময় একদল সমর্থক দ্বারা পরিবেষ্টিত অবস্থায় তাকে কাছ থেকে গুলি করার চেষ্টা করেন এক বন্দুকধারী।
প্রেসিডেন্ট অ্যালবার্টো ফার্নান্দেজ জানিয়েছেন, হামলায় ব্যবহৃত বন্দুকটিতে পাঁচটি বুলেট ছিল। তবে ট্রিগার চাপার পর সেটি থেকে কোনো গুলি বের হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্য থেকে একটি বন্দুক ক্রিস্টিনার দিকে এগিয়ে আসছে। এসময় নিজেকে বাঁচাতে মাথা নুইয়ে ফেলেন তিনি।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ক্রিস্টিনার কয়েক ইঞ্চির মধ্যে চলে আশায় তাকে রক্ষা করতে চারপাশ থেকে ঘিরে ফেলেছেন সমর্থকরা।
সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি একজন ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান নাগরিক। হত্যাচেষ্টার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় ১৯ জন নিহত, আহত সহস্রাধিক
ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে চার বছর তিনি দেশটির ফার্স্টলেডি ছিলেন। দুর্নীতির অভিযোগে তার বিচার প্রক্রিয়া চলছে।
