ভ্যাটিকান জাদুঘরে সংরক্ষিত দুটি প্রাচীন রোমান আবক্ষ ভাস্কর্য ফেলে দিয়ে গ্রেপ্তার হয়েছেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি।
বুধবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জাদুঘরের কর্মীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশ না করার শর্তে জাদুঘরের এক সূত্র জানিয়েছেন, ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় ওই ভাস্কর্য দুটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোকে ইতোমধ্যে মেরামতের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তার ওই ব্যক্তি 'অদ্ভুত আচরণ' করছিলেন বলেও জানান তিনি।
আবক্ষ ওই ভাস্কর্য দুটো জাদুঘরের কিয়ারামন্টি হলে সংরক্ষিত ছিল। কিয়ারামন্টি হলে প্রায় এক হাজার ভাস্কর্য সংরক্ষিত রয়েছে। আবক্ষ রোমান ভাস্কর্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংগ্রহশালা এটি।
জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, মার্বেলের মেঝেতে ভাঙা ভাস্কর্য দুটি পরে আছে।
করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের জুন পর্যন্ত ভ্যাটিকান জাদুঘরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তার আগে বছরে প্রায় ৬০ লাখ দর্শনার্থী ঘুরতে আসতেন এখানে।
আরও পড়ুন: ব্রিটেনের কাছ থেকে রোজেটা স্টোন ফেরত চায় মিশর
এই জাদুঘরে শিল্পকর্মের ওপর সবচেয়ে কুখ্যাত আক্রমণের ঘটনাটি ঘটেছিল ১৯৭২ সালে। এক হাঙ্গেরীয় ব্যক্তি সেন্ট পিটারস ব্যাসিলিকার একটি বেদির ওপর দিয়ে লাফ দেন ও মাইকেলেঞ্জেলোর বিখ্যাত ভাস্কর্য পিয়েতায় হাতুড়ি দিয়ে আঘাত করেন।
এতে ম্যাডোনার বাম হাত ভেঙে যায় এবং নাক ও ওড়না ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে ভাস্কর্যটিকে বুলেটপ্রুফ কাঁচের ভেতর রাখা হয়।
একাত্তর/এসজে
