আগামী ১৯ মে জেদ্দায় আরব লিগের শীর্ষ সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতিমূলক বৈঠকে আরব লিগে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানান আরব মন্ত্রীরা।
বুধবার জেদ্দায় এক প্রস্তুতিমূলক বৈঠকে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গীত এবং বাকি প্রতিনিধিদের সঙ্গে আরব ব্লকে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। খবর: আরব নিউজ।
বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ চলতি সপ্তাহের শেষের দিকে সম্মেলনে যোগ দেবেন বলে জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ।
বিক্ষোভে দমন-পীড়ন চালানোর অভিযোগে ২০১১ সালে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয় আরব লিগ থেকে। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর নিষ্ঠুরতা দেশটিকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। গৃহযুদ্ধে কয়েকটি আরব দেশ আসাদবিরোধীদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দেয়।
এমনকি এক পর্যায়ে কয়েকটি আরব দেশ দামেস্ক থেকে নিজেদের রাষ্ট্রদূতও প্রত্যাহার করে।
আরব দেশগুলোর জোটে এক দশকের বেশি সময় ধরে সিরিয়ার সদস্যপদ স্থগিত ছিল। অবশেষে গত ৭ মে কয়েকটি শর্তের বিনিময়ে দেশটিকে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।
বুধবারের বৈঠকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরব ঐক্যের আহ্বান জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বলেন, আমাদের দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অবশ্যই নতুন উপায় খুঁজে বের করতে হবে।
বৈঠকে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ সুদানের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিবদমান পক্ষগুলোকে যুদ্ধবিরতিতে আনতে সৌদি আরবের প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি।
এ সময় স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের সমর্থন করার প্রচেষ্টাকে দ্বিগুণ করার আহ্বান জানান আত্তাফ। পাশাপাশি ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতায় আলজেরিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: কিয়েভে চলতি মাসে রাশিয়ার নবম মিসাইল হামলা
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ সুদান কথা বলেন লেবানন ইস্যুতেও। আত্তাফ বলেন, আশা করি লেবাননের সরকার সংকট থেকে বের হয়ে আসতে নিজেদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাবে।
একাত্তর/জো
