চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির পাম্প স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের উদ্যোগে পাম্পটি বসানো হয়।
এর আগে বিদ্যালয়টিতে বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যা নিয়ে একাত্তরে একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি প্রচারের পর গত ১৪ নভেম্বর দুপুরে সরেজমিন বিদ্যালয়টি পরিদর্শন করেন ইউএনও মো. জিল্লুর রহমান। সে সময় তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যার খোঁজখবর নেন। পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা করাসহ বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে গোমস্তাপুরের ইউএনও মো. জিল্লুর রহমান জানান, বিদ্যালয়টিতে নানা সমস্যা রয়েছে এবং পর্যায়ক্রমে সামর্থ্য অনুযায়ী সব সমস্যাই সমাধানের চেষ্টা করা হবে। এরই ধারাবাহিকতায় বিদ্যালয় চত্বরে একটি সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। এতে এখন থেকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবেন।
বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক প্রণব কুমার সন্তোষ প্রকাশ করে ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে বিদ্যালয়ের সমস্যাগুলো তুলে ধরায় গণমাধ্যমগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
