ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রাতভর চালানো রুশ হামলায় দুজন নিহত এবং চার শিশুসহ আরও ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর মিখাইলো সেমিকিন। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনি যে ছবি ও ভিডিও প্রকাশ করেছেন, তাতে দেখা যায় একটি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবনের জানালার কাচ ভেঙে গেছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
এর আগে সেমিকিন জানিয়েছিলেন, রুশ হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন। ওই হামলায় অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত ভবন, পরিবহন অবকাঠামো ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে ইউক্রেনীয় সেনাসদস্যও নিহত হয়েছেন।
তবে রয়টার্স স্বাধীনভাবে এসব দাবি যাচাই করতে পারেনি। বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ রাশিয়া ও ইউক্রেন- উভয় দেশই অস্বীকার করে আসছে।
