কানাডার নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে বিরোধ শুরুর পর থেকে ভারতে কানাডার ডাল রপ্তানি কমেছে ব্যাপকভাবে। এর ফলে ভারতীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার দুই দেশের শিল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য হিন্দুর।
ভারতীয় ডাল ও শস্য অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিমল কোঠারি বলছেন, ভারতে বছরে প্রায় ২৪ লাখ মেট্রিক টন ডালের চাহিদা থাকে। স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র ১৬ লাখ টন। বাকিটা আমদানির মাধ্যমে পূরণ করে ভারত, যার সবচেয়ে বড় উৎস কানাডা।
চলমান দ্বন্দ্বের কারণে ভারতের আমদানিকারকরা এখন কানাডা থেকে ডাল কেনা কমিয়ে অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকছেন। এর ফলে বিপাকে পড়েছে দুই দেশের ব্যবসায়ীরা।
দুই দেশের শিল্প সংশ্লিষ্টরা বলছেন, দু’দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়ে আপাতত এমন পদক্ষেপ নিতে চাইছে না কানাডা।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২২-২০২৩ অর্থ বছরে (৩১ শে মার্চ পর্যন্ত) ভারতে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলারের মসুর ডাল সরবরাহ করেছে কানাডা। যা ভারতের মোট মসুর ডাল আমদানির অর্ধেকেরও বেশি।
এ বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্কে তিক্ততা বাড়ছে।
কানাডার কাছে নিজ্জার হত্যার তথ্য চাইল ভারত