অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনাররা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। তারা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।’

তিনি অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক। পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি পরিচয়পত্র পেশ করেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির সাম্প্রতিক নির্বাচনে প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।

ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। এ ছাড়া সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একাত্তর/কেআই
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করে সহজেই পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য স্বাস্থ্য খাতের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান...
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে...
দেশজুড়ে চলমান তীব্র বিক্ষোভ এবং শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আতশবাজি মর্টার (ফায়ারওয়ার্ক মর্টার) ছোড়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ফ্রান্স সরকার। জননিরাপত্তা নিশ্চিত...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৫৯৮ জন হাসপাতালে...
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অক্টোবরে ভারতের পাইকারি মূল্যস্ফীতি বেড়ে পৌঁছেছে ১২ দশমিক ২৯ শতাংশে। অথচ, সেপ্টেম্বরে এই হার ছিল ১১ দশমিক ৩৯ শতাংশ।
শাপলা চত্বর হত্যা মামলায় আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে চাননি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর