মালিবাগে টিসিবির পণ্য কিনতে এসে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতিতে জড়ান তিন নারী। একপর্যায়ে এ ঘটনায় জাহানারা বেগম নামে একজনের মাথা ফেটে যায়।
মঙ্গলবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসে বাগবিতণ্ডায় জড়ান স্থানীয় বাসিন্দারা। এ সময় নারী-পুরুষের হইচই সামাল দিতে বেগ পেতে হয় বিক্রয়কর্মীদের।
ঘটনা সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা জানান, মূলত নারী পুরুষের সারি আলাদা থাকলেও আগে যাওয়া নিয়ে তাদের বিরোধের সৃষ্টি হয়। এরপর তা হাতাহাতির পর্যায়ে চলে যায়।
এদিকে হাতাহাতির ঘটনায় মাথা ফেটে যায় জাহানারার। তিনি জানান, আগে যাওয়া নিয়ে তর্কের জেরে ওই নারী তাকে ছাতা দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।
টিসিবির পণ্য বিক্রির ট্রাকের বিক্রয় প্রতিনিধি মো. সুমন গণমাধ্যমকে জানান, আজ ট্রাকে করে ৫০০ লিটার তেল, ৬০০ কেজি করে ডাল ও চিনি এবং ৪৫০ কেজি পেঁয়াজ এসেছে। সব বিক্রি শেষ।
তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে তেল ও পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় বাকি থাকা ১৫০ কেজি করে চিনি ও ডাল সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়। তারপরও কিছু মানুষ ফেরত গেছে। সবাইকে তো আর দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: টিসিবি ট্রাক ঘিরে সিন্ডিকেট, পণ্য কিনে বিক্রি করছে বাজারে
নারীদের মারামারি প্রসঙ্গে মো. সুমন বলেন, পণ্য কিনতে এসে মারামারি করা, এটা মানুষের স্বভাব। তারা ঝামেলা করেই। সিরিয়াল বা নম্বর দিয়েও এই ব্যবস্থাপনা ঠিক করা যায় না। মানুষ কথা শুনতে চায় না।
এ বিষয়ে শাহজাহানপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, তারা এমন কোনো সংবাদ পাননি।
একাত্তর/আরএ
