কঠোর লকডাউনের এই সময়ে, গাজীপুরে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন পোশাক শ্রমিকরা। কঠোর বিধিনিষেধে নিজস্ব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করেনি অনেক প্রতিষ্ঠান।
শ্রমিকরা বলছেন, নিজ উদ্যোগে কর্মস্থলে যাবার কারণে সংক্রমণ ঝুঁকির পাশাপাশি পোহাতে হচ্ছে দুর্ভোগ। তবে মালিকদের, সরকারের দেয়া সব নির্দেশনা পালনের চেষ্টা করা হচ্ছে।
পোশাক মালিকদের অনুরোধে এবং রপ্তানি আদেশ রক্ষায় কঠোর বিধিনিষেধের মধ্যেও পোশাক কারখানা খোলা রেখেছে সরকার। কিন্তু, এজন্য প্রধান শর্ত ছিলো, নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের আনা-নেয়া করতে হবে মালিকতের।
কিন্তু, গাজীপুরে দেখা গেছে ভিন্নটিত্র। প্রতিদিন সকাল হলেই পোশাক শ্রমিকরা দলবেঁধে ছুটছেন কারখানায়। কেউ যাচ্ছেন হেঁটে, কেউ অটোরিকশা-ইজিবাইকসহ হালকা যানবাহনে।
শ্রমিকদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠানই তাদের আনা-নেয়ার ব্যবস্থা করেনি। সাথে মরার উপর খাড়ার ঘা'র মত, কর্মস্থলে যেতে দেরি হলেই চাকরি হারানোর ঝুঁকি। তবে, মালিকপক্ষের পাশাপাশি শ্রমিকদেরও আছে স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা।
মালিকদের দাবি, কারখানার ভেতরে হাত ধোঁয়া, নিরাপদ দূরত্বে বসানোসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। তারা জানান, বেশিরভাগ শ্রমিক কারখানার কাছেই থাকে। ফলে তাদের যাতায়াতে তেমন কোন সমস্যা হচ্ছে না।
