আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে মাঠে কোনো মানুষ নেই দাবি করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করে লকডাউন বাস্তবায়নের ভান করছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এ্যানি বলেন, কিছু নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল যুবককে টাকার বিনিময়ে ভোররাতে প্রধান সড়কে ঝটিকা মিছিল করতে পাঠানো হচ্ছে। তারা বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে, যেন লকডাউন চলছে—এমন চিত্র দেখানো হচ্ছে।
তিনি আরও বলেন, ১৯৪৭ সালের আওয়ামী লীগ আজ ভিন্ন রূপ নিয়েছে। শেখ হাসিনা নিজের ভোটে নয়, রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি রাজনীতি করেননি, আমরাও রাজনীতি করতে পারিনি। তাই বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে।
এ্যানি দাবি করেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগেই আত্মীয়স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তিনি একসময় বলেছিলেন—যারা আগুন দেবে, তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। অথচ এখন তিনি নিজেই পালিয়ে গেছেন। কিন্তু তরুণ প্রজন্ম পালায়নি, এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিনে দুই ভোটে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াত
নির্বাচিত পার্লামেন্ট অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল