প্রয়াদ দেশনেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশে নিয়োজিত সামাজিক সংস্থা ‘সুরভী’-র দীর্ঘযাত্রার কথা তুলে ধরেছেন। সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে দীর্ঘ ৪৭ বছর ধরে কাজ করে যাচ্ছে সামাজিক প্রতিষ্ঠান ‘সুরভী’।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই সংস্থাটি নিয়ে নিজের আবেগ ও নানির স্বপ্নের কথা শেয়ার করেন।
জাইমা রহমান তার পোস্টে উল্লেখ করেন, সুরভীর যাত্রা শুরু হয়েছিল তার নানি সৈয়দা ইকবাল মান্দ বানুর নিজের বাড়ির আঙিনা থেকে। অত্যন্ত সীমিত পরিসরে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য ছিল বিশাল। জাইমা লিখেছেন, আমার নানু নিজের বাড়ির আঙিনা থেকেই সুরভীর যাত্রা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই- তরুণদের জীবনে অর্থবহ ও স্থায়ী পরিবর্তন আনা।
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংস্থাটি যেভাবে দুস্থ ও অসহায় শিশুদের কল্যাণে কাজ করছে, তার প্রশংসা করে জাইমা বলেন, ৪৭ বছর ধরে শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশে কাজ করে যাচ্ছে ‘সুরভী’, যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

নিজের ফেসবুক পোস্টে জাইমা রহমান সুরভী ফাউন্ডেশনের কার্যক্রমের এবং ছিন্নমূল শিশু-কিশোরদের কিছু ছবিও শেয়ার করেন। মূলত অসহায় শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার নানির প্রতিষ্ঠিত এই সংগঠনের গুরুত্ব তিনি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছেন।
সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত এই ‘সুরভী’ বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। জাইমা রহমানের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং নেটিজেনরা এই উদ্যোগের প্রশংসা করছেন।
