সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে মানুষকে নৃশংসভাবে গুম ও খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শতাধিক মানুষকে গুম-খুনের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্তের আবেদন জানিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিনে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ তুলে ধরে প্রসিকিউশন।
এর মধ্যে সুন্দরবনে একটি অভিযানের ভিডিও দেখানো হয়। ওই ফুটেজে জিয়াউল আহসানসহ র্যাব সদস্যদের গুলি করতে দেখা যায়। পরে কয়েকজনের মরদেহের দৃশ্যও দেখানো হয়। প্রসিকিউশনের দাবি, অভিযানের নামে জলদস্যু দমনের নাটক সাজিয়ে এভাবে মানুষ হত্যা করা হতো।
এ সময় বিচার চলাকালে জিয়াউল আহসানের আচরণ ও অবস্থান নিয়েও বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। পরে তার বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত হয়েছে উল্লেখ করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্তের আবেদন জানান তিনি।
অন্যদিকে, এর আগে যুক্তিতর্কে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধের বিচারব্যবস্থায় এ ধরনের গুরুতর অপরাধের বিচারের নজির তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন।
আগামী রোববার (২৯ নভেম্বর) এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
