কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলা থেকে খালাস পেয়েছেন ১২ জন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন। রায়ের সময় দণ্ডিত একজন আদালতে উপস্থিত ছিলেন।
যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা হলেন- জেলার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের জিয়াউল্লাহ জিয়া ও জুয়েল রানা।
যাবজ্জীবন সাজার আসামিরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার ফজলুল হক, আজাদ রহমান,সাদ্দাম হোসেন,আবদুল কাদের ও কবির আহমেদ।
রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি মনিরুল হক ভুঁইয়া জানান, ২০১৩ সালের ২২ এপ্রিল ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে তাদের চায়ের দোকানে আগুন দেওয়া হয়। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
অ্যাড. মনিরুল জানান, সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ্য, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
তিনি রায়ে সন্তোষসহ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিলে কথা জানিয়েছেন।
