বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। বাংলাদেশ সৃষ্টি হয়েছে নিজের অধিকার, নিজের পতাকা আর নিজের মাটির জন্য। যারা স্বাধীনতা নিয়ে নেতিবাচক সমালোচনা করে, তারা আসলে বাংলাদেশকে বিশ্বাস করে না।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই স্বাধীনতা দিবস হলো আমাদের পরিচয়। স্বাধীনতা ছিলো বাঙালি ও বাংলাদেশের মানুষের একটি দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন দেখি স্বাধীনতার বিরোধিতাকারী অপশক্তিগুলো আজ স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা রকমের সমালোচনা করছে।
তিনি আরও বলেন, এ দেশের লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে, এটা সত্য। এই সত্যকে সবাইকে মানতে হবে যে এ দেশে একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছে। যারা সমালোচনা করে তাদের জেনে রাখা উচিত, এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াই থেকেই বাংলাদেশের জন্ম।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এছাড়া আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
