মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে নেয়ার পর থেকে ধনকুবের ইলন মাস্কের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। হারিয়েছেন বিশ্বের শীর্ষ ধনীর পদ। এবার ব্যক্তিগত সম্পত্তি হারানোর ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে, গত বছর ১৬৫ বিলিয়ন ডলার খুইয়ে এই রেকর্ড করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা। এর অন্যতম কারণ হলো গত বছর থেকে পড়তে থাকা ইলেক্ট্রনিক গাড়ি নির্মাতা টেসলার কোম্পানির শেয়ার দর।
২০২২ সালে টেসলার শেয়ার দর পড়েছিল ৬৫ শতাংশ। ওই বছর মাত্র ১ দশমিক ৩ মিলিয়ন গাড়ি বিক্রি করতে পারে টেসলা। ২০২১ সালের নভেম্বরে ইলন মাস্কের সম্পত্তি ছিল ৩২০ বিলিয়ন ডলার। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে তা কমে দাঁড়ায় ১৫৫ বিলিয়ন ডলারে।
এর আগে ২০০০ সালে ৫৮ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার খুইয়ে সর্বোচ্চ লোকসানের রেকর্ড গড়েছিলেন জাপানি টেক ইনভেস্টর মাসায়োশি সোন।
আরও পড়ুন: আমেরিকার আরো ২০ রাজ্যে নিষিদ্ধ হলো টিকটক
ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরের পর থেকে কমপক্ষে ১৮২ বিলিয়ন ডলার লোকসান করেছেন মাস্ক। অন্য সূত্রের আবার দাবি, হিসাবের অঙ্কটা প্রায় ২০০ বিলিয়ন ডলার। টুইটার কিনে এই বিপুল অর্থ খুইয়ে রেকর্ড গড়লেন মার্কিন ধনকুবের মাস্ক।
২০২১ সালের নভেম্বরের আগে মাস্কের মোট সম্পত্তির মূল্য যেখানে ৩২০ বিলিয়ন ডলার ছিল, সে মাসের পর থেকে নামতে নামতে ২০২৩ সালের জানুয়ারিতে এসে তা দাঁড়িয়েছে ১৩৭ বিলিয়ন ডলারে। এর থেকেই মাস্কের বিপুল লোকসানের অঙ্কটা অনেকটাই স্পষ্ট।
একাত্তর/আরএ
