ভারতের গুজরাটে বহুতল ভবন ধসে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন ভেতরে আটকে আছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সুরাটের শচীন পালি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায় উদ্ধারকর্মীরা বড় বড় ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে কেউ আটকে আছে কিনা তার খোঁজ করছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, শেষ কয়েকদিন ধরে সুরাটে টানা বৃষ্টি হচ্ছিলো। এর ফলে ওই ভবনটি ধসে পড়তে পারে।
সুরাটের কালেক্টর সৌরভ পারধি পিটিআইকে বলেছেন, স্থানীয় এক নারী তাদের জানিয়েছেন, ভবনের নিচে আরও তিন থেকে চারজন চাপা পড়েছে।

এ অবস্থায় উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় বিশেষায়িত বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)।
সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গাহলৌত বলেন, ধসে পড়া ভবনটি ২০১৬-১৭ সালের দিকে বানানো হয়েছে। আশা করি দুই থেকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হবে।
চলতি বছরের মার্চে মরবি শহরে একটি নির্মাণাধীন মেডিকেল কলেজ ভবনের একটি অংশ ধসে চার শ্রমিক আহত হন। সাত ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পর আরও এক শ্রমিককে উদ্ধার করা হয় সে সময়।
ব্রিটেনের নতুন মন্ত্রীসভায় কে কোন পদে