কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে কার্নি বলেন, ইউরোপ এবং কানাডা আলাদাভাবে শক্তিশালী হলেও, একসূত্রে গাঁথলে এই শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। নিজেদের নাগরিকদের সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও উন্মুক্ত বাজারকে সুরক্ষিত রাখতেই এই ঐক্য প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
একই সাথে তিনি স্পষ্ট করে দেন যে কোনো বিশ্বশক্তি বা প্রতিদ্বন্দ্বী জোট গঠন তাদের লক্ষ্য নয়, বরং ভূ-রাজনৈতিক চাপ ও আধিপত্য বিস্তারের চেষ্টাকে প্রতিহত করে নিজেদের সামগ্রিক স্থায়িত্ব বা 'কালেক্টিভ রেসিলিয়েন্স' গড়ে তোলাই এই অংশীদারিত্বের আসল উদ্দেশ্য।
তবে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর ক্যারোলিনা যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প ভন ডার লিয়েনের এই পদক্ষপের কঠোর নিন্দা জানিয়ে বিষয়টিকে হাস্যকর বলে আখ্যা দেন।
ট্রাম্প হুমকি দিয়ে বলেন, কানাডাকে সহযোগী সদস্য করার এই পদক্ষেপকে যদি মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো শত্রুভাবাপন্ন কাজ বলে মনে হয়, তবে ইউরোপের ওপর অত্যন্ত ভারী শুল্ক আরোপ করা হবে কিংবা অনেক পণ্যের বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্পের এই হুমকির জবাবে ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল জানিয়েছেন যে, এই প্রস্তাব কারো বিরুদ্ধে নয়, বরং পারস্পরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে গৃহীত হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনের পরই এটি চূড়ান্ত রূপ পাবে।
মার্কিন প্রশাসন ও চীনের বাণিজ্য বাড়াবাড়ির মুখে দাঁড়িয়ে কানাডা এবং ইইউ তাদের অর্থনৈতিক ও কৌশলগত সুসম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। প্র
ধানমন্ত্রী কার্নি উল্লেখ করেন, তারা কেবল সুবিধাবাদী বন্ধু নন, বরং তারা পারস্পরিক শেয়ারিংয়ের মাধ্যমে সমৃদ্ধিতে বিশ্বাস করেন। প্রতিরক্ষা শিল্প, সংকটপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কম্পিউটিং, শক্তি নিরাপত্তা, মহাকাশ গবেষণা, ডিজিটাল বাণিজ্য এবং ডিজিটাল কানেক্টিভিটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ইইউ-এর সাথে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে কানাডা।
ট্রাম্পের শুল্ক হুমকির মুখেও ইউরোপ ও কানাডার এই নতুন অর্থনৈতিক ও কৌশলগত জোট গড়ে তোলার প্রয়াস আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
মিত্রদের দ্বারে দ্বারে কেন ঘুরছে ধনী সৌদি আরব?
কিভাবে পুরো মধ্যপ্রাচ্যের আতঙ্কে পরিণত হলো হুথিরা?