সোমালিয়া উপকূলের কাছে ছিনতাই হওয়া এমভি লীলা নরফোক কার্গো জাহাজে থাকা ১৫ ভারতীয়সহ ২১ জন ক্রুকে কমান্ডো অভিযান চালিয়ে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী।
শুক্রবার ভারতীয় নৌবাহিনীর অভিজাত কমান্ডো ইউনিট মার্কোস কার্গো জাহাজে অবস্থান নিয়ে সেখানে থাকা ক্রুদের উদ্ধার করেছে। খবর এএনআই’র।
নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির ভারতীয়সহ সকল ক্রু নিরাপদে আছেন। নৌবাহিনীর সদর দপ্তর সাগরে অভিযানে থাকা কমান্ডোদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলেও জানায় তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি লীলা নরফোক ব্রাজিলের পোর্টো দ্য আকু থেকে বাহারাইনের খলিফা বিন সুলেমান বন্দরের দিকে যাওয়ার পথে আরব সাগরে সোমালিয়া উপকূলের কাছে ছিনতাই হয়েছিল।
ছিনতাইয়ের খবর প্রথম জানিয়েছিল ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ইউকেএমটিও কৌশলগত জলপথে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে।
ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডোরা এমভি লীলা নরফোক জাহাজটিতে পৌঁছে অপারেশন সম্পন্ন করে। কমান্ডোরা নৌবাহিনীর আইএনএস চেন্নাইয়ের মাধ্যমে লীলা নরফোক জাহাজের কাছে পৌঁছেছিল।
ছিনতাইয়ের পরে এমভি লীলা নরফোককে শনাক্ত করতে নৌবাহিনী সামুদ্রিক টহল বিমান পি-৮আই এবং দূরপাল্লার প্রিডেটর এমকিউ৯বি ড্রোন মোতায়েন করেছিল নৌবাহিনী। অবস্থান শনাক্তের পর হেলিকপ্টার থেকে জলদস্যুদের জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বানও জানানো হয়েছিল।
আরব সাগরে কয়েকটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হওয়ার পর গত মাসে আরব সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। ভারতীয় নৌপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার আরব সাগরে ভারতীয় এসব যুদ্ধজাহাজকে জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমালিয়া উপকূলে ১৫ ভারতীয়সহ কার্গো জাহাজ ছিনতাই 