মুসলিম পুরুষের আত্মবিশ্বাস গড়ে তোলার ১০টি উপায়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ এএম

একজন মুসলিম পুরুষের আধ্যাত্মিক এবং পার্থিব- উভয় জীবনেই আত্মবিশ্বাসের গুরুত্ব অপরিসীম।

আধ্যাত্মিক স্তরে, নিজের ইমান বা বিশ্বাসের ওপর দৃঢ় আস্থাই আল্লাহর সঙ্গে একটি মজবুত সম্পর্ক গড়ে তোলার ভিত্তি। এটি একজন মুসলিম পুরুষকে আল্লাহর প্রজ্ঞা ও দিকনির্দেশনার ওপর অটল বিশ্বাস রেখে জীবনের নানা পরীক্ষা ও বিপদ-আপদ মোকাবিলা করার শক্তি জোগায় এবং তাঁর মধ্যে ধৈর্য ও অধ্যবসায় লালন করে।

দৈনন্দিন জীবনে আত্মবিশ্বাস একজন মুসলিম পুরুষকে তাঁর পরিবার ও সমাজের জন্য একজন ইতিবাচক আদর্শ হিসেবে গড়ে তুলতে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে এবং নিজের প্রতিটি কাজে শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এটি তাঁকে অন্যদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে, নিজের বিশ্বাসকে তুলে ধরতে এবং সমাজের কল্যাণে অবদান রাখতে সক্ষম করে।

যখন আত্মবিশ্বাসের শিকড় বিনয়ের মধ্যে প্রোথিত থাকে এবং তা ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তা ব্যক্তিগত বিকাশ, নেতৃত্ব এবং পৃথিবীতে ইতিবাচক প্রভাব ফেলার এক শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, অনেকেই অহংকারকে আত্মবিশ্বাস ভেবে ভুল করেন, যা তথাকথিত ‘রেড-পিল’ ঘরানার মুসলিম পুরুষত্বের উত্থানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এই নিবন্ধে আমি এমন ১০টি পদ্ধতির কথা বলা হয়েছে, যা অনুসরণ করে একজন মুসলিম পুরুষ সঠিক উপায়ে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন।

১. তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা)

ইসলামি আত্মবিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু হলো ‘তাওয়াক্কুল’, যার অর্থ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। এর অর্থ হলো এই সত্য উপলব্ধি করা যে, আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম করবেন, কিন্তু চূড়ান্ত ফলাফল একমাত্র আল্লাহর হাতে। ঐশ্বরিক প্রজ্ঞা ও বিধানের ওপর এই আস্থা জীবনের অনিবার্য চ্যালেঞ্জগুলো মোকাবিলার সময় গভীর আত্মবিশ্বাস, প্রশান্তি এবং স্থিরতা প্রদান করে।

কোরআনে ইরশাদ হয়েছে: “আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।” [সুরা তালাক, ৬৫:৩]

তাওয়াক্কুল না থাকলে সামান্যতম প্রতিকূলতাও একজন মুসলিম পুরুষের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। ধরুন, একজন অবিবাহিত পুরুষ বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এবং কোনো একটি মেয়ে তাঁকে প্রত্যাখ্যান করল। তাওয়াক্কুলহীন একজন মানুষ ভাববেন তাঁর নিজের মধ্যেই কোনো ত্রুটি আছে বা তিনি যথেষ্ট যোগ্য নন। তিনি হতাশ হয়ে পড়বেন এবং নিজের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলবেন। ফলে পরবর্তীতে আল্লাহ যখন তাঁর জন্য আদর্শ জীবনসঙ্গীকে সামনে নিয়ে আসবেন, তখন অতিরিক্ত আত্মগ্লানি ও হীনম্মন্যতায় ভোগার কারণে তিনি হয়তো সেই সুযোগটি গ্রহণ করতেই পারবেন না।

অন্যদিকে, তাওয়াক্কুলসম্পন্ন একজন পুরুষ বুঝতে পারবেন যে তাঁর মধ্যে কোনো সমস্যা নেই; বরং আল্লাহ এই মেয়েটিকে তাঁর জন্য মনোনীত করেননি। আর তিনি স্বাভাবিকভাবেই সামনে এগিয়ে যাবেন। তাওয়াক্কুল থাকা একজন মানুষ এই বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান যে, আল্লাহ তাঁর জন্য আরও উত্তম কোনো পরিকল্পনা রেখেছেন। কোনো প্রত্যাখ্যানেই তিনি ভেঙে পড়েন না।

 

২. নিজের শক্তি ও দুর্বলতাগুলো মূল্যায়ন করা

একজন মুসলিম পুরুষের আত্মবিশ্বাস বিকাশের অন্যতম মৌলিক উপাদান হলো আত্মসচেতনতা। নিজের শক্তি, দুর্বলতা, মূল্যবোধ এবং বিশ্বাস সম্পর্কে গভীর ধারণা অর্জনের মাধ্যমে একজন মুসলিম পুরুষ তাঁর জীবনকে ইসলামি নীতি ও আদর্শের সঙ্গে আরও নিবিড়ভাবে সামঞ্জস্যপূর্ণ করতে পারেন। এই আত্মানুসন্ধান তাঁকে আধ্যাত্মিক যাত্রা এবং দৈনন্দিন জীবনের ব্যক্তিগত উন্নয়ন ও সংশোধনের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সাহায্য করে।

আত্মসচেতনতা তাঁকে নিজের প্রতিভা ও সক্ষমতা চিনতে সাহায্য করে, যার ফলে তিনি বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে এবং নিষ্ঠার সঙ্গে তা অর্জনে কাজ করতে পারেন। তদুপরি, আল্লাহই যে শক্তি ও দিকনির্দেশনার চূড়ান্ত উৎস—এই বোধ তাঁকে যেকোনো চ্যালেঞ্জ ও ব্যর্থতা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা দেয়। অন্যদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রেও আত্মসচেতনতা সহমর্মিতা ও বোঝাপড়া বাড়ায়, যা মুসলিম সমাজ এবং এর বাইরেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য অপরিহার্য।

একজন মুসলিম পুরুষ কীভাবে আত্মসচেতন হতে পারেন? আত্মচিন্তার মাধ্যমে: “তারা কি নিজেদের সম্পর্কে চিন্তাভাবনা করে না?” [সুরা রুম, ৩০:৮]

বিষয়টি পরিষ্কার করার জন্য কয়েকটি উদাহরণ দেওয়া যাক। ধরুন, একজন পুরুষ বিয়ে করতে চান। তিনি চাইলেই হুট করে বিয়ে করে ফেলতে পারেন না; তাঁকে নিজেকে প্রস্তুত করতে হবে। আত্মচিন্তা তাঁকে বুঝতে সাহায্য করবে যে, জীবনে একজন নারীকে নিয়ে আসার আগে নিজের কোন কোন দিকগুলোর উন্নতি ঘটানো প্রয়োজন। এই আত্মানুসন্ধানের ফলে তিনি হয়তো উপলব্ধি করবেন যে তাঁর ঘরের টুকটাক কাজ বা সাধারণ রান্নাবান্না শেখা দরকার। তাঁর মনে হতে পারে যে গাড়ি চালানো শেখা বা একটি সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা থাকা জরুরি। বিষয়টি বড় বা ছোট যাই হোক না কেন, একবার তা জানতে পারলে যোগ্য পাত্র হিসেবে নিজেকে উপস্থাপনের আগেই তিনি প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনতে পারবেন।

নতুন কিছু শেখা অবিশ্বাস্য রকমের আত্মশক্তি জোগায় এবং একজন পুরুষের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। এর চেয়েও বড় কথা, এর মাধ্যমে তিনি তাঁর স্ত্রী ও ভবিষ্যৎ সন্তানদের সুখী রাখতে এবং পরিবারকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন। এর চেয়ে ভালো অনুভূতি আর খুব কমই আছে।

আত্মচিন্তা ও আত্মোন্নয়নের এই পদ্ধতিটি কেবল বিয়ের ক্ষেত্রেই নয়, জীবনের যেকোনো পরিস্থিতিতে প্রয়োগ করা যায়। একজন পুরুষ আরও ভালো বেতনের চাকরি চান, তাঁকে জানতে হবে তাঁর দক্ষতার ঘাটতি কোথায় এবং তা পূরণ করতে হবে। কেউ শারীরিক সুস্থতা বাড়াতে চান, তাঁকে বুঝতে হবে জীবনযাত্রার কোন অভ্যাসগুলো সুস্থ দেহ গঠনের অন্তরায় এবং সেগুলো পরিবর্তন করতে হবে। এভাবেই নিজের দুর্বলতা ও উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করা আত্মবিশ্বাস বাড়ানোর এক বিশাল মাধ্যম, যা শুধু আত্মচিন্তার মাধ্যমেই সম্ভব।

৩. শারীরিক ও মানসিকভাবে সর্বোচ্চ সুস্থ থাকা

শারীরিকভাবে সুস্থ থাকার উপকারিতা নিয়ে আমরা আগেই কথা বলেছি। এটা বোঝা যায় যে, প্রতিটি মানুষের নিজস্ব শারীরিক সীমাবদ্ধতা রয়েছে। পূর্বের কোনো স্বাস্থ্যগত সমস্যা বা জীবনের সাধারণ পরিস্থিতির কারণে অনেকের ফিটনেস অর্জনের সক্ষমতা অন্যদের চেয়ে আলাদা হতে পারে। শারীরিক গঠনের কোনো একক আদর্শ মাপকাঠি নেই; আসল বিষয় হলো একজন পুরুষ তাঁর সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছেন কি না।

সুস্বাস্থ্যের অসংখ্য উপকারিতা রয়েছে, যা আমরা সবাই জানি। একজন ফিট মানুষ তাঁর সন্তানদের পেছনে ছুটতে ও খেলতে পারেন, জীবনসঙ্গীর কাছে আকর্ষণীয় হতে পারেন (বাহ্যিক রূপই সবকিছু নয়, তবে এর একটি ভূমিকা আছে), পরিবারের ভরণপোষণ করতে পারেন, দীর্ঘায়ু ও সুখী জীবন যাপন করতে পারেন এবং মা-বাবার পাশে দাঁড়াতে পারেন। সুস্থ থাকার কোনো নেতিবাচক দিক নেই। রাসুলুল্লাহ (সা.) বলেছেন:“দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়, তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে।” [সহিহ মুসলিম]

এই হাদিসটির ব্যাখ্যা শারীরিক ও মানসিক, উভয় দিক থেকেই শক্তিশালী হওয়াকে বোঝায়। আর এখান থেকেই পরের বিষয়টি আসে। শারীরিকভাবে সুস্থ একজন পুরুষও মানসিকভাবে অসুস্থ থাকলে আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন। প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষদেরও মানসিক আঘাত বা ট্রমা থাকতে পারে। এটি মা-বাবার সঙ্গে সম্পর্ক, পূর্বের কোনো বিয়ে বা স্কুলজীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে হতে পারে। এই মানসিক ক্ষতগুলো যদি সারিয়ে তোলা না হয়, তবে তা পরবর্তী জীবনে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে।

এর ফলে একজন পুরুষ বদমেজাজি হয়ে উঠতে পারেন, মৌখিক বা শারীরিকভাবে নির্যাতনকারী হতে পারেন অথবা অযৌক্তিক ভয়ে ভুগতে পারেন। এসব বৈশিষ্ট্যের অধিকারী একজন মানুষ হয়তো বুঝতেই পারেন না কেন তাঁর এমন হচ্ছে, যা তাঁকে আরও হতাশার দিকে ঠেলে দেয়। এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলো মানুষের ‘ফিতরাত’ বা জন্মগত স্বভাবের অংশ নয়; জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাই তাঁকে এমন করে তুলেছে।

আগেই যেমন বলা হয়েছে, আত্মচিন্তা ও আত্মসচেতনতা এই সমস্যাগুলো চিহ্নিত করতে ও সমাধান করতে সাহায্য করে। কখনো কখনো এর জন্য পেশাদার মনোরোগ বিশেষজ্ঞের সহায়তারও প্রয়োজন হতে পারে,এবং এতে লজ্জার বা দোষের কিছু নেই। একজন বুদ্ধিমান পুরুষ জানেন যে তাঁর একটি সমস্যা আছে এবং তিনি তা সমাধানের উদ্যোগ নেন।

সমস্যাটি এড়িয়ে যাওয়া বা ‘আমি এমনই’ বলে মেনে নেওয়া কেবল নিজের প্রতিই অবিচার নয়, বরং তাঁর জীবনের সঙ্গে জড়িত মানুষদের প্রতি এবং সর্বোপরি আল্লাহর প্রতিও এক বিশাল অবিচার- যিনি তাঁকে অসীম সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন, অথচ তিনি নিজেকে সংশোধনের কোনো চেষ্টাই করছেন না। যিনি সাধ্যমতো নিজের শারীরিক ও মানসিক দুর্বলতাগুলো কাটিয়ে ওঠেন, তাঁর আত্মবিশ্বাস আকাশচুম্বী হয়। নিজের তৈরি করা বাধাগুলো সরিয়ে ফেললে তিনি জীবনে প্রায় যেকোনো কিছু অর্জন করতে সক্ষম হন।

৪. ইসলামি জ্ঞান অর্জন করা

শারীরিক ও মানসিক সত্তার পাশাপাশি একজন পুরুষের তৃতীয় দিকটি অর্থাৎ তাঁর আধ্যাত্মিক সত্তা গঠনে ইসলামি জ্ঞান অপরিহার্য ভূমিকা পালন করে। প্রিয় নবী (সা.) বলেছেন:“প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। জেনে রেখো, আল্লাহ জ্ঞান অন্বেষণকারীদের ভালোবাসেন।” [আল-কাফি]

ইসলামি জ্ঞান অর্জন একজন মুসলিম পুরুষের আত্মবিশ্বাস লালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাধনা নিজের বিশ্বাসের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে এবং তাঁকে কোরআন, হাদিস ও ইসলামি শিক্ষাকে আরও সামগ্রিকভাবে বুঝতে সাহায্য করে। তিনি যখন ইসলামের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের গভীরে প্রবেশ করেন, তখন জীবনের প্রকৃত উদ্দেশ্য ও দিকনির্দেশনা খুঁজে পান এবং নিজের কর্মকাণ্ডকে আল্লাহর ইচ্ছার সঙ্গে একীভূত করতে পারেন।

অর্জিত জ্ঞান তাঁকে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে, নৈতিক দ্বিধাদ্বন্দ্ব সমাধান করতে এবং ইসলামি নীতির ভিত্তিতে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার শক্তি দেয়। ফলে ধর্মীয় দায়িত্ব ও অঙ্গীকার সম্পর্কে সচেতন হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাঁর মধ্যে এক ধরনের স্বনির্ভর আত্মবিশ্বাস গড়ে ওঠে। ইসলামি জ্ঞান অর্জন এমন এক রূপান্তরকারী যাত্রা, যা একজন মুসলিম পুরুষকে ইসলামের আলোকে উদ্দেশ্যপূর্ণ ও ন্যায়নিষ্ঠ জীবন যাপনের প্রজ্ঞা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করে।

৫. পরিপাটি থাকা, পোশাক-পরিচ্ছদ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা

একজন পুরুষ যখন পরিপাটিভাবে চুল-দাড়ি ছাঁটেন, তখন তাঁর নিজেকে অসাধারণ লাগে। তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করেন। ছবি তুলতে বা সেলফি নিতে তাঁর জড়তা থাকে না। তিনি মানুষের সঙ্গে আরও আন্তরিকভাবে কথা বলেন এবং সহজেই সবার সঙ্গে মিশতে পারেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাসের কোনো তুলনা হয় না।

একজন মুসলিম পুরুষের উচিত অলসতা থেকে যথাসম্ভব দূরে থাকা। অলসতা মানুষকে নিয়মিত পরিপাটি থাকা, গোসল করা বা দাঁত ব্রাশ করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে বিরত রাখে। এগুলো অত্যন্ত জরুরি। রাসুলুল্লাহ (সা.)-এর এই হাদিসটির কথাই ভাবুন: “জিবরাইল (আ.) আমাকে মিসওয়াক (দাঁত পরিষ্কার) করার ব্যাপারে এত বেশি তাগিদ দিতেন যে, আমার মনে হতো তিনি হয়তো এটিকে ফরজ করে দেবেন।” [বিহার]

সবসময় পরিপাটি থাকা একজন মুসলিম পুরুষ সবসময়ই আত্মবিশ্বাসী বোধ করেন—আর এর মধ্যে সুন্দর পোশাক পরাও অন্তর্ভুক্ত। ভালো পোশাক পরার জন্য কাউকে গুচি বা ভারসাচের মতো দামি ব্র্যান্ড পরতে হবে না। পোশাক পরিষ্কার, সুগন্ধযুক্ত, ইস্ত্রি করা এবং শালীন হলেই যথেষ্ট।

৬. নিজের ভয়ের মুখোমুখি হওয়া

একজন পুরুষের আত্মবিশ্বাস তৈরির ক্ষেত্রে নিজের ভয়ের মুখোমুখি হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক, বিশেষ করে ইসলামি দৃষ্টিকোণ থেকে। ইসলাম বিশ্বাসীদের অটল ইমান ও আল্লাহর ওপর ভরসা রেখে ভয় এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহিত করে। একজন মুসলিম পুরুষ যখন ব্যক্তিগত লক্ষ্য, নৈতিক সংকট বা সামাজিক দায়িত্বের ক্ষেত্রে নিজের ভয়গুলো স্বীকার করেন এবং সাহসের সঙ্গে সেগুলোর মুখোমুখি হন, তখন সৃষ্টিকর্তার ওপর তাঁর নির্ভরতা আরও দৃঢ় হয়।

এই সাহসিকতা মূলত ‘তাওয়াক্কুল’-এরই বহিঃপ্রকাশ, যা তাঁর এই বিশ্বাসকে মজবুত করে যে আল্লাহই চূড়ান্ত রক্ষাকর্তা ও পথপ্রদর্শক। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি কেবল বাধাই অতিক্রম করেন না, বরং নিজের ভেতরে গভীর আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের অনুভূতি লাভ করেন। প্রতিটি জয় করা পরীক্ষা তাঁকে আল্লাহর সাহায্যের কথা স্মরণ করিয়ে দেয় এবং ইমান অটুট রেখে জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে, একজন পুরুষ যতক্ষণ না তাঁর ভয়কে জয় করছেন, ততক্ষণ তাঁর সম্ভাবনা সীমাবদ্ধই থেকে যায়।

৭. ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া

জীবনে আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামে ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখা হয় না, বরং একে আত্মোন্নয়ন ও আধ্যাত্মিক বিকাশের সুযোগ হিসেবে গণ্য করা হয়। যে ব্যক্তির ভুল তাঁকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তিনি সেই ব্যক্তির চেয়ে উত্তম যাঁর সৎকর্ম তাঁর মধ্যে অহংকারের জন্ম দেয়।

 

একজন মুসলিম পুরুষ যখন ব্যর্থতার সম্মুখীন হন, তখন তাঁকে শক্তি, দিকনির্দেশনা ও ধৈর্যের জন্য আল্লাহর শরণাপন্ন হতে উৎসাহিত করা হয়। মহান স্রষ্টার কাছে এই আশ্রয় ও প্রজ্ঞা প্রার্থনা তাঁকে ব্যর্থতাকে অনতিক্রম্য বাধা হিসেবে না দেখে সাময়িক চ্যালেঞ্জ হিসেবে দেখতে শেখায়।

নিজের ভুলগুলো নিয়ে চিন্তাভাবনা করে, উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে এবং তা সংশোধনের আন্তরিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে তিনি ধৈর্য ও দৃঢ়সংকল্পের পরিচয় দেন। সময়ের সঙ্গে সঙ্গে এই অভিজ্ঞতাগুলো থেকে যখন তিনি নিজের ব্যক্তিগত উন্নতি ও ইতিবাচক পরিবর্তন দেখতে পান, তখন নিজের সক্ষমতা এবং আল্লাহর পরিকল্পনার ওপর তাঁর আস্থা অটুট হয়ে ওঠে। ব্যর্থতা তখন সাফল্যের সোপানে পরিণত হয়।

৮. অর্জনগুলো উদযাপন করা

ব্যর্থতা থেকে শেখার পাশাপাশি একজন পুরুষের উচিত তাঁর অর্জনগুলো উদযাপন করা। একজন আত্মবিশ্বাসী মুসলিম পুরুষ এমন জীবন যাপন করতে পারেন না, যেখানে তিনি কেবল নিজের ব্যর্থতাগুলো নিয়েই পড়ে থাকবেন এবং সাফল্যগুলোকে অস্বীকার করবেন। সঠিক নিয়ত বা উদ্দেশ্য থাকলে সাফল্য উদযাপন করা অহংকার নয়। একজন মুসলিম পুরুষ যখন কোনো কিছু অর্জন করেন, তা মূলত আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত বা আশীর্বাদ। আর আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় ও উদযাপন করাই তো স্বাভাবিক, তাই নয় কি?

৯. আত্মবিশ্বাস তৈরির গুরুত্বপূর্ণ দক্ষতাসমূহ

এমন কিছু দক্ষতা রয়েছে যা প্রতিটি পুরুষের জানা উচিত, কারণ এগুলো তাঁর আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। নিচে এমন কিছু দক্ষতার (অসম্পূর্ণ) তালিকা দেওয়া হলো:

জনসমক্ষে কথা বলার দক্ষতা (পাবলিক স্পিকিং)

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা

নেতৃত্বের গুণাবলি

সমস্যা সমাধানের দক্ষতা

দ্বন্দ্ব নিরসন বা মীমাংসা করার ক্ষমতা

দরকষাকষি বা সমঝোতার দক্ষতা (নেগোসিয়েশন)

আবেগীয় বুদ্ধিমত্তা (ইমোশনাল ইন্টেলিজেন্স)

সময় ব্যবস্থাপনা

সাংগঠনিক দক্ষতা

আত্মরক্ষার কৌশল

১০. আত্মবিশ্বাস গঠনে জরুরি আখলাকি (নৈতিক ও চারিত্রিক) গুণাবলি

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস তৈরিতে ‘আখলাকি’ বা নৈতিক ও চারিত্রিক গুণাবলি বিশাল ভূমিকা পালন করে। এই গুণগুলো কেবল ব্যক্তিগত চরিত্র গঠনেই অবদান রাখে না, বরং অন্যদের সঙ্গে এবং বৃহত্তর পৃথিবীর সঙ্গে একজন মানুষ কীভাবে মিশবেন তা-ও নির্ধারণ করে। নিচে এমন কিছু আখলাকি গুণের কথা উল্লেখ করা হলো যা আত্মবিশ্বাস বাড়াতে পারে:

১. সততা (সিদক): সত্যবাদী ও আন্তরিক হওয়া পারস্পরিক সম্পর্কে বিশ্বাস তৈরি করে, যা আত্মবিশ্বাস বাড়ায়।

২. ন্যায়পরায়ণতা (আদল): কঠিন পরিস্থিতিতেও নৈতিক আদর্শ সমুন্নত রাখা এবং সঠিক কাজটি করা আত্মসম্মান ও আত্মবিশ্বাস গড়ে তোলে।

৩. ধৈর্য ও সহনশীলতা (সবর): চ্যালেঞ্জের মুখে ধৈর্য ও অধ্যবসায় মানসিক দৃঢ়তা এবং আত্মনির্ভরতা তৈরি করে।

৪. কৃতজ্ঞতা (শুকর): আল্লাহর নিয়ামতগুলো স্বীকার ও মূল্যায়ন করলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং আত্মমর্যাদাবোধ বাড়ে।

৫. বিনয় (তাওয়াদু): নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং বিনয়ী আচরণ করা অন্যদের সঙ্গে সম্পর্ককে আরও খাঁটি করে তোলে, যা আত্মবিশ্বাস বাড়ায়।

৬. সহমর্মিতা (তাওয়াজু): অন্যদের অনুভূতি বোঝা এবং তা ভাগ করে নেওয়া সুন্দর আন্তঃব্যক্তিক সম্পর্ক তৈরি করে এবং সামাজিক পরিস্থিতিতে আত্মবিশ্বাস জোগায়।

৭. ক্ষমাশীলতা (আফউ): অন্যদের ক্ষমা করা এবং মনের ক্ষোভ ঝেড়ে ফেলা মানসিক বোঝা কমায় এবং অভ্যন্তরীণ প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়ায়।

৮. উদারতা (সাখাওয়াত): অভাবীদের সাহায্য করা এবং উদার হওয়া জীবনের উদ্দেশ্যবোধ তৈরি করে এবং ইতিবাচক প্রভাব ফেলার সক্ষমতার ওপর আত্মবিশ্বাস জোগায়।

৯. সাহসিকতা (শাজাআহ): সাহস ও দৃঢ়সংকল্প নিয়ে ভয় এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া আত্মবিশ্বাসকে শক্তিশালী করে।

১০. ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার): আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে।

১১. শালীনতা (হায়া): পোশাক-পরিচ্ছদ ও আচরণে শালীনতা বজায় রাখা আত্মসম্মান এবং মর্যাদাপূর্ণ আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

১২. আত্মজবাবদিহি (মুহাসাবা): নিজের কাজের পর্যালোচনা করা এবং সেগুলোর জন্য জবাবদিহি থাকা আত্মোন্নয়ন ঘটায় এবং নিজের নৈতিক চরিত্রের ওপর আস্থা তৈরি করে।

১৩. সদাচরণ (আদব): অন্যদের সঙ্গে সম্মান ও দয়ার সঙ্গে ব্যবহার করা সামাজিক মেলামেশায় আত্মমর্যাদা বাড়ায়।

১৪. দৃঢ়সংকল্প (আজম): সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জনে অবিচল থাকা আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।

১৫. আন্তরিকতা (ইখলাস): বিশুদ্ধ নিয়ত ও আন্তরিকতার সঙ্গে কাজ করা নিজের এবং অন্যদের প্রতি বিশ্বাস তৈরি করে।

১৬. অল্পেতুষ্টি (কানাআত): যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা মনের ভেতরে প্রশান্তি ও আত্মবিশ্বাস জোগায়।

১৭. আত্মক্ষমতায়ন (ইস্তিখদাম): নিজ উদ্যোগে আত্মোন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করা মানুষকে শক্তিশালী করে এবং আত্মবিশ্বাস বাড়ায়।

১৮. নামাজ ও ইবাদত: নিয়মিত নামাজ ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা আত্মবিশ্বাসের একটি মজবুত ভিত্তি প্রদান করে।

১৯. দয়া ও করুণা (রহমাহ): অন্যদের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করা আত্মমর্যাদা এবং নিজের চারিত্রিক দৃঢ়তার ওপর আস্থা বাড়ায়।

এই নিবন্ধে একজন মুসলিম পুরুষের আত্মবিশ্বাস গড়ে তোলার সব উপায়ের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া সম্ভব হয়নি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলো এখানে তুলে ধরা হয়েছে। মনে রাখতে হবে, আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না; এটি নিয়মিত অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়।

তথ্যসূত্র: দ্য মুসলিম ভাইব

একাত্তর/এআরএস
ইচ্ছাটা থাকে প্রবল, কিন্তু ঘুমের রাজ্যে হারিয়ে গিয়ে কখন যে সূর্যের আলো জানালার ফাঁক গলে ঢুকে পড়ে, টেরই পাওয়া যায় না, ফজরের নামাজে সময়মতো ওঠার লড়াইটা এমনই চেনা আর কঠিন। অথচ ফজরের নামাজ মুমিনের জন্য...
এই পবিত্র ভূখণ্ডের ইসলামী ঐতিহ্যের কারণে ফিলিস্তিনের রয়েছে অসামান্য গুরুত্ব। সাংস্কৃতিক ইতিহাস থেকে শুরু করে ধর্মীয় তাৎপর্য- সব দিক থেকেই ফিলিস্তিন বিশ্বজুড়ে মুসলমানদের কাছে সবচেয়ে প্রভাবশালী ও...
দুনিয়ার কোলাহল, অর্থের পেছনে ছোটা কিংবা অকারণ দুশ্চিন্তার ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই, এ পথচলা একদিন থামবেই। পবিত্র কোরআনের ভাষায়, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে [৩:১৮৫]। কিন্তু ইসলামে...
ইসলাম এমন এক জীবনব্যবস্থা যা মন, আত্মা ও দেহের পবিত্রতা এবং পরিচ্ছন্নতাকে উৎসাহিত করে ও ভালোবাসে। পবিত্র কোরআনের আয়াত থেকে শুরু করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস পর্যন্ত সর্বত্রই পরিচ্ছন্নতার...
রোববার সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন স্পেনের নাগরিকেরা। এই নির্বাচনে টানা আরেক মেয়াদে ক্ষমতায় থাকার লড়াইয়ে নেমেছেন বর্তমান সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যাঁর সামনে প্রধান বাধা হয়ে...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রোববার (২৯ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। টানা তিন দিনের এই ধারাবাহিক সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো নির্মাণের চাহিদা বাড়ায় অক্টোবরে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, আমদানি...
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের চরণে প্রায় ২০৬ কোটি টাকা মূল্যের ১২১ কেজি স্বর্ণালংকার দান করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর