ইউপি ভোট ইসির সংলাপ শুরু রোববার, যাচ্ছে না জামায়াত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রোববার (২৯ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। টানা তিন দিনের এই ধারাবাহিক সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধিত ৫৫টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে ইসির সঙ্গে সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা এগারো দলীয় ঐক্যের শরিকদের নিয়ে জোটগতভাবে ইসির সঙ্গে বৈঠকে বসতে চায়। জামায়াতে ইসলামী রোববারের নির্ধারিত বৈঠকে অংশ নেবে কি না কিংবা ১১ দলের জন্য নতুন করে সময় নির্ধারণ করা হবে কি না—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন।   

ইসি সূত্রে জানা গেছে, রোববার থেকে মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।   

এবারের সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের চার শরিক—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে ডাকা হয়নি। যদিও ১৪ দলের অন্য শরিক আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) সংলাপের আমন্ত্রণ পেয়েছে।   

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে অনুষ্ঠিত ইসির সংলাপেও ১৪ দলের ওই চার শরিককে আমন্ত্রণ জানানো হয়নি। সে সময় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও ডাক পায়নি।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে ডাকা হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসির সংলাপে ৫১টি নিবন্ধিত দল অংশ নিয়েছিল। জাতীয় নির্বাচন শেষে নতুন করে নিবন্ধন পাওয়া চারটি দলসহ এবার মোট ৫৫টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।   

গত ১২ অক্টোবর ১৪তম কমিশন সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ইসি। তফসিল এখনো ঘোষণা না হলেও পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের ভোটের তারিখ ও এলাকার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম দিনেই সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিরোধীদল জামায়াতে ইসলামীসহ ১৫টি রাজনৈতিক দল। তবে নির্ধারিত বৈঠকে অংশ নেবে...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য...
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো নির্মাণের চাহিদা বাড়ায় অক্টোবরে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, আমদানি...
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের চরণে প্রায় ২০৬ কোটি টাকা মূল্যের ১২১ কেজি স্বর্ণালংকার দান করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন।...
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী সাত ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিলো। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে...
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর