আফ্রিকান কাপ অফ নেশন্সের শেষ ষোলোর লড়াইয়ে কঙ্গো প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে আদিল বুলবিনার এক অনবদ্য গোল এই রোমাঞ্চকর জয় নিশ্চিত করে।
মঙ্গলবার মরক্কোর রাবাতের মৌলে আল হাসান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি যখন পেনাল্টি শুটআউটের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই বদলি হিসেবে নামা ফরোয়ার্ড বুলবিনা দৃশ্যপটে হাজির হন।
১১৯তম মিনিটে বাম প্রান্ত থেকে বল নিয়ে বক্সে ঢুকে এক জোরালো শটে বল জালে জড়ান কাতারের আল-দুহাইল ক্লাবে খেলা এই ২২ বছর বয়সী ফুটবলার। এই নাটকীয় মুহূর্তের সাথে সাথেই স্টেডিয়ামে উপস্থিত ১৮ হাজারের বেশি দর্শক উল্লাসে ফেটে পড়ে।
২০১৯ সালের চ্যাম্পিয়ন আলজেরিয়া গ্রুপ পর্বের সব ম্যাচে জিতে ইতিমধ্যে নিজেদের শিরোপার দাবিদার হিসেবে প্রমাণ করেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার মারাক্কেশে ভিক্টর ওসিমহেনের নাইজেরিয়ার মুখোমুখি হবে তারা।
দ্য লেপার্ডস হিসাবে খ্যাত কঙ্গোর জন্য এই হার অত্যন্ত যন্ত্রণাদায়ক। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে নাইজেরিয়াকে পেনাল্টিতে হারিয়ে বড় স্বপ্ন নিয়ে তারা এই টুর্নামেন্টে এসেছিল। তবে আগামী মার্চ মাসে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে নিউ ক্যালেডোনিয়া বা জ্যামাইকার বিপক্ষে জিতলে ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে তাদের সামনে।
অন্যদিকে আলজেরিয়া ইতিমধ্যে উত্তর আমেরিকার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলায় তাদের বর্তমান লক্ষ্য মরক্কোর মাটিতে মহাদেশীয় এই শ্রেষ্ঠত্ব অর্জন করা।

মাঠের লড়াইয়ে দুই শক্তিশালী দলের মধ্যে আক্রমণভাগের প্রতিভার কমতি ছিল না, কিন্তু ফিনিশিংয়ের অভাবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল আসেনি। আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ বা ইব্রাহিম মাজা—কেউই পুরো সময় মাঠে টিকতে পারেননি।
প্রথমার্ধে কঙ্গোর হয়ে বার্নলি ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে কঙ্গোর এডো কায়ম্বের একটি দূরপাল্লার শট দারুণভাবে রুখে দেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান।
অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে আলজেরিয়ার ফারেস শায়বি এবং বাগদাদ বুনেদজাহর আক্রমণ রুখে দিয়েছিলেন কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি। কিন্তু খেলা যখন নিশ্চিত টাইব্রেকারের দিকে যাচ্ছিল, তখনই বদলি খেলোয়াড় রামিজ জেরুকি এবং বুলবিনার রসায়ন ব্যবধান গড়ে দেয়। জেরুকির নিখুঁত পাস থেকে বল পেয়ে আলজেরিয়াকে উল্লাসে ভাসান তরুণ তুর্কি বুলবিনা।
বুর্কিনা ফাসোকে হারিয়ে শেষ আটে মিশরের মুখোমুখি আইভরি কোস্ট