এয়ারবাস নিয়ে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিমান কেনার যে কোনো সিদ্ধান্তের ফলে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে না। এয়ারবাসের পরিবর্তে বোয়িং বেছে নেওয়া হলে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সম্পর্ক এবং জিএসপি-সম্পর্কিত আলোচনার ওপর প্রভাব পড়তে পারে বলে জার্মান রাষ্ট্রদূতের মন্তব্যও খারিজ করে দিয়েছেন তিনি।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করি না যে, কোনো বাণিজ্যিক চুক্তির ফলে আমাদের সামগ্রিক সম্পর্ক প্রভাবিত হবে।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রদূতরা স্বাভাবিকভাবে তাদের দেশের বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রচার করেন। তবে, বাংলাদেশ বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং জাতীয় প্রয়োজন বিবেচনায় ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, যে কোনো রাষ্ট্রদূত স্বাভাবিকভাবেই তার দেশের পণ্যের প্রচারের চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক এবং এটি তার দায়িত্বেরও অংশ। তিনি তার দায়িত্ব পালন করেছেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ বাইরের চাপ বা মন্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না।

তিনি উল্লেখ করেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমাদের বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রয়োজনীয়তা এবং বহরের আকারের ওপর ভিত্তি করে কী নির্ধারণ করবেন, সেটি। আমরা বিশেষজ্ঞদের মতামতের বাইরে যাব না, অন্যরা কী বলবে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব না।

এর আগে দিনের শুরুতে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠান ‘ডিক্যাব টক’-এ এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেন, এয়ারবাস বিমান কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশের সরে আসা ইউরোপের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।

জার্মান রাষ্ট্রদূত বাণিজ্যিক লেনদেনে পূর্বাভাসের গুরুত্ব তুলে ধরে বলেন, ইউরোপ বাংলাদেশের বড় ধরনের কেনাকাটার সিদ্ধান্তগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে।

তিনি বলেন, জার্মানি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে বিবেচনা করে এবং আশা করে যে— এই সম্পর্ক দীর্ঘদিন ধরে যে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অব্যাহত রয়েছে, তা বজায় থাকবে।

ঢাকার এয়ারবাস বিমান না কেনার সিদ্ধান্ত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে কি না এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, জার্মানি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার এবং আমরা মনে করি- আমাদের সঙ্গে সেই অনুযায়ী আচরণ করা হয়েছে। ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা অপরিহার্য।

রাষ্ট্রদূত আরো বলেন, বাণিজ্যিক পছন্দগুলো প্রায় সময়ই বৃহত্তর সিদ্ধান্তকে প্রভাবিত করে।

তিনি আরো বলেন, এয়ারবাস কোম্পানি অসাধারণ এয়ারক্রাফট তৈরি করে। যদিও আমি এখানে বিমান শিল্পের প্রতিনিধি হিসেবে আসিনি। জিএসপি সংক্রান্ত আলোচনা প্রভাবিত হতে পারে এবং বিমান কেনার মতো সিদ্ধান্তগুলো অনিবার্যভাবে কিছু প্রভাব ফেলে। তবে এটা নিশ্চিত নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক মেজাজের ওপরেই প্রভাব পড়ে।

ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন, এ বিষয়ে জোর দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্যবসায়িক পছন্দ স্বাভাবিকভাবেই কূটনৈতিক ধারণাকে প্রভাবিত করে।

তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু ব্যবসায়িক পছন্দ সবসময় বৃহত্তর পরিবেশ তৈরি করে। তবুও, আমরা উভয় দেশের পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখব।

বিশ্বের দুই বড় বিমান নির্মাতা যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউরোপের এয়ারবাসের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেহেতু তারা উভয়েই বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আসন্ন বিমান কেনার প্রতিযোগিতায় রয়েছে।

বিমান বাংলাদেশের টেকনো-ফিন্যান্সিয়াল কমিটি বর্তমানে দু’টি প্রস্তাব পর্যালোচনা করছে— এয়ারবাসের ১০টি এ৩৫০ ওয়াইড-বডি ও ৪টি এ৩২০নিও ন্যারো-বডি বিমান এবং বোয়িংয়ের ১০টি ৭৮৭ ড্রিমলাইনার ও ৪টি ৭৩৭ ম্যাক্স বিমানের প্রস্তাব। 

আরবিএস
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে, তবে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার আসলে গঠনমূলক...
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ...
পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর