ব্যবসা পরিচালনার খরচ কমানো এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, অর্থায়নের ব্যয় কমাতে নীতি সুদহার ইতিমধ্যে ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে ভবিষ্যতে সুদহার আরও কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসিসংক্রান্ত তথ্য আদান-প্রদানের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ব্যবসার খরচ কমানোর সুফল শুধু ব্যবসায়ী বা ব্যাংকারদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। শেষ পর্যন্ত সাধারণ মানুষ কম দামে পণ্য ও সেবা পায়। কারণ সুদহার বা ব্যবসার অন্যান্য খরচ বেড়ে গেলে ব্যবসায়ীরা তা পণ্যের দামের সঙ্গে যুক্ত করেন। তাই লেনদেন ও অর্থায়নের খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, ঋণপত্রের বিপরীতে অর্থায়নে বেঞ্চমার্ক সুদহারের সঙ্গে অতিরিক্ত সুদ যোগ করার সর্বোচ্চ সীমা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এ ছাড়া উচ্চ সুদহারের চাপ কমাতে সাত হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে। এর আওতায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে।
বিদেশ থেকে শিল্পের কাঁচামাল আমদানিতে অর্থায়ন ব্যয় কমাতে টেলিগ্রাফিক ট্রান্সফার বা টিটির মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ বাড়ানো হয়েছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, সাধারণভাবে টিটির মাধ্যমে ২৫ হাজার ডলার এবং রপ্তানিকারকদের রিটেনশন কোটা বা ইআরকিউ হিসাব থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত কাঁচামাল আমদানি করা যায়। তবে কোনো প্রতিষ্ঠানের এক লাখ, দুই লাখ বা পাঁচ লাখ ডলারের কাঁচামাল আমদানির প্রয়োজন হলে ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদন দেওয়া হচ্ছে। এ সুযোগ ব্যবহার করলে বৈদেশিক মুদ্রার পাশাপাশি ব্যবসার খরচও সাশ্রয় হবে।
বৈদেশিক মুদ্রার বাজারে স্বচ্ছতা নিশ্চিত ও কারসাজি বন্ধে স্বয়ংক্রিয় নিলামব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, এ জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এতে ডলার কেনাবেচার সময় ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন থাকবে। ফলে কারসাজির সুযোগ কমবে এবং বৈদেশিক মুদ্রার প্রকৃত বাজারদর নির্ধারণ সহজ হবে। আগামী এক মাসের মধ্যে এ নিলামব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গভর্নর আরও বলেন, গত ১০ বছরে সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন বেশি হয়েছে। এ সময়ে একটি প্রতিবেশী দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ৪০ শতাংশ, আর বাংলাদেশের ক্ষেত্রে তা ৬০ শতাংশ।
আন্তর্জাতিক বাণিজ্যে ঋণপত্রের নথি আদান-প্রদানের খরচ ও সময় কমাতেও কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য কয়েকটি দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে বিদেশে ঋণপত্রের নথি পাঠাতে কুরিয়ার বাবদ বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা গেলে ই-মেইলের মাধ্যমে নথি পাঠানো সম্ভব হবে। এতে নথি তৈরি ও কুরিয়ার খরচ কমার পাশাপাশি এক দেশ থেকে অন্য দেশে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে নথি পৌঁছানো সম্ভব হবে বলে জানান তিনি।
নতুন চালু হওয়া ‘বার্তা’ প্ল্যাটফর্মকে দেশের আর্থিক অবকাঠামো আধুনিকায়নের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন গভর্নর। তিনি বলেন, প্ল্যাটফর্মটি এপিআইভিত্তিক এবং এর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে চালুর আগেই বিভিন্ন পর্যায়ে পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের এ প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান তিনি।
