প্যারিসের অভিজাত অপেরা হাউজের ধ্রুপদী আভিজাত্য আর বাংলার মেঠোপথের ঐতিহ্যবাহী যাত্রাপালার তীব্র আবেগ- দুই মেরুর এই দুই শিল্পধারা যখন এক মঞ্চে এসে মেশে, তখন সেই সন্ধ্যা সাধারণ থাকে না। শনিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুম সাক্ষী হলো ঠিক এমনই এক ব্যতিক্রমী মুহূর্তের। ঢাকার সন্ধ্যায় একাকার হলো প্যারিসের অপেরা আর বাংলার যাত্রাপালা।
বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’। মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত ‘ফরাসি সপ্তাহ’-এর উদ্বোধনী চমক আর ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী আয়োজন, দুই উপলক্ষ মিলে সন্ধ্যার আবহটাই ছিল আলাদা।

অনুষ্ঠানের শুরুটা হয়েছিল চিত্রকলার স্নিগ্ধতায়। হোটেলের বলরুমে পৌঁছেই ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে পরিচিত হন বরেণ্য চিত্রশিল্পী রাশিদ খানের সঙ্গে। প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং দুই ফরাসি শিল্পী ভেরোনিক পেইন ও ফ্যাব্রিস মেইত্রেকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত ঘুরে দেখেন রাশিদ খানের ১০ দিনব্যাপী ‘নদীর গল্প’ প্রদর্শনীটি, যার আনুষ্ঠানিক সমাপ্তিও ঘোষণা করা হয় সেখানেই। এরপর মূল মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারি জেনারেল মারুফ কবির এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন সভাপতি বরেণ্য সংগীতশিল্পী সুজিত মোস্তফা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং ফরাসি দূতাবাসের সহযোগিতায় দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর এই যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।

সন্ধ্যার আসল জাদু শুরু হয় যখন ভেরোনিক পেইনের সুললিত কণ্ঠের সঙ্গে পিয়ানোর রিডে আঙুল ছোঁয়ান ফ্যাব্রিস মেইত্রে। ফরাসি পর্বে ‘কারমেন’ ও ‘লা বেল হেলেন’, আমেরিকান পর্বে ‘পর্গি অ্যান্ড বেস’, ‘ক্যান্ডিড’ ও ‘মাই ফেয়ার লেডি’ এবং ইতালীয় পর্বে ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’ তিন ধারার বিশ্বখ্যাত সব সুরের সঙ্গে বাংলার চিরচেনা যাত্রাপালার আবেগ মিশিয়ে এক অন্যরকম ঘোর তৈরি করেন তাঁরা।
ফরাসি ভাষার দেয়াল যেন দর্শকদের রসাস্বাদনে বাধা না হয়, সেজন্য প্রতিটি গানের আগে ইংরেজিতে সংক্ষেপে প্রেক্ষাপট ও চরিত্রের গল্প বলে দিচ্ছিলেন শিল্পীরা। ফলে ভাষা না বুঝলেও প্রেম, ঈর্ষা, বিরহ আর যুদ্ধের নাটকীয়তায় বুঁদ হয়ে ছিল পুরো হলরুম। গানের ফাঁকে ফ্যাব্রিস মেইত্রের একক পিয়ানো আর কণ্ঠও বাড়তি মাত্রা যোগ করে। দুই শিল্পীর মতে, অপেরা কোনো নির্দিষ্ট শ্রেণির গণ্ডিতে বাঁধা শিল্প নয়; বরং মানুষের চিরচেনা অনুভূতিগুলোই এর প্রাণ।

রাতের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে একেবারে শেষ প্রান্তে, যখন ভেরোনিক ও ফ্যাব্রিসের কণ্ঠে বেজে ওঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ আর গোটা বলরুম দাঁড়িয়ে তাঁদের সঙ্গে গলা মেলায়। অনুষ্ঠান শেষে সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী আবারও শিল্পী রাশিদ খান ও সুজিত মোস্তফাকে নিয়ে চিত্রপ্রদর্শনীটি ঘুরে দেখেন এবং নৈশভোজের মধ্য দিয়ে পর্দা নামে এই স্মরণীয় আয়োজনের।
ইভেন্টটির ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, টিকেটিং পার্টনার গেট সেট রক, অনলাইন পার্টনার চ্যানেল আই এবং পিয়ানো পার্টনার ইয়ামাহার সহযোগিতায় ঢাকা-প্যারিস সাংস্কৃতিক মৈত্রীর এক নতুন অধ্যায়ই যেন লেখা হলো এই রাতে।
