রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াডে (এমওয়াই-জিইও ২০২৬) অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দলীয়ভাবে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে পাঁচটি পদক জিতেছেন বাংলাদেশের তরুণ প্রতিযোগীরা। অর্জিত পদকের মধ্যে রয়েছে দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ।
বাংলাদেশের তরুণদের এই আন্তর্জাতিক সাফল্যে গর্ব প্রকাশ করেছে দেশের অন্যতম ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সহযোগী অংশীদার হিসেবে পাশে ছিলো প্রতিষ্ঠানটি।
এক অভিনন্দন বার্তায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ জানায়, বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের এমন অর্জন তাদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও অসীম সম্ভাবনার উজ্জ্বল স্বাক্ষর। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন তরুণ প্রজন্মের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন। তরুণ মেধাবীদের বিকাশ, তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা এবং শিক্ষা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে উৎসাহ প্রদান দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আন্তর্জাতিক অর্জন নতুন প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবান্বিত করায় পুরো দলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তোমাদের অর্জন আমাদের গর্ব। একসঙ্গে আমরা এগিয়ে যাবো বিশ্বমঞ্চে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন এবং পাঁচটি পদক জয় দেশের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সক্ষমতার এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তরুণদের এমন সাফল্যে পাশে থাকতে পেরে গর্ব প্রকাশ করেছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।
