বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর একটার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বটতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন আলী আকবর সুপন (২৪) ও মাহতাব (২৮)। তাদের মধ্যে আলী আকবরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়; তার বাবার নাম ফিরোজ আলম। অপর নিহত মাহতাবের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত আলী আকবরের দুলাভাই দাউদ জানান, আলী আকবর ও মাহতাব একসঙ্গে কাজ করতেন। এদিন তারা বরিশাল হয়ে লেবুখালীর দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা প্রাণ হারান।
স্থানীয়রা জানান, বটতলা এলাকায় পটুয়াখালী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছেন। গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
