ট্রাম্পের ‘বন্ধু’ পুতিন জেলেনস্কির চোখে ‘খুনি’!

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

চীনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোজা জানিয়ে দিয়েছেন, ট্রাম্প পুতিনকে কী নামে ডাকবেন তা তাঁর ব্যক্তিগত বিষয়, কিন্তু ইউক্রেনের কাছে পুতিন একজন ‘শত্রু’ এবং ‘খুনি’।

কূটনৈতিক এই বাগ্‌যুদ্ধের মধ্যেই ইউক্রেনজুড়ে বছরের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া; এমনকি ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের আকাশসীমাও লঙ্ঘন করেছে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি মনে করি বিশ্বের বেশির ভাগ মানুষের কাছেই তিনি (পুতিন) একজন খুনি, কারণ তিনি দিনরাত মানুষ হত্যা করে চলেছেন। ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করার অর্থ হলো তিনি যথেষ্ট চাপ অনুভব করছেন না।

অন্যদিকে, শুক্রবার ইউক্রেনে ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা পরই হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং জেলেনস্কি ও পুতিন, উভয়ের সঙ্গেই তাঁর সুসম্পর্ক থাকাটা ইতিবাচক। পুতিনকে নিজের ‘বন্ধু’ বলার অবস্থানে অনড় থাকলেও তিনি যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প।

কয়েক দিন আগে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের ভয়াবহ হামলার জবাবে শুক্রবার ও রাতভর ইউক্রেনজুড়ে তাণ্ডব চালায় রুশ বাহিনী। ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ১১০টি ক্ষেপণাস্ত্র এবং চার শতাধিক ড্রোন দিয়ে চালানো এই হামলাকে ‘চলতি বছরের সবচেয়ে বড় আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন জেলেনস্কি। শুক্রবার রাজধানী কিয়েভের সেতু ও পশ্চিমাঞ্চলীয় রেলস্টেশনগুলোতে চালানো হামলায় অন্তত নয়জন নিহত হন।

এরপর রাতভর চলা হামলায় জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে এক কিশোরসহ দুজন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ১১ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনেতে একজন আহত হয়েছেন।

ইউক্রেনে হামলার মধ্যেই শুক্রবার ভোরে প্রতিবেশী পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আকাশসীমা লঙ্ঘন করে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু।

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে নোভি লিপোউইক এলাকার গ্রামীণ অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে; যেখান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরেই ১১টি ইউরোপীয় দেশের সেনাদের যৌথ সামরিক মহড়া চলছিল। আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোন অন্য দুটি স্থানে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার বিবিসিকে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, গাইডেন্স সিস্টেম থাকায় ইউক্রেনের ইলেকট্রনিক যুদ্ধের কারণে ক্ষেপণাস্ত্রগুলো পথভ্রষ্ট হয়েছে—এমন সম্ভাবনা খুবই কম। ঘটনাটিকে মস্কোর ‘উসকানি’ আখ্যা দিয়েছে ওয়ারশ।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, জবাবে ন্যাটোর যুদ্ধবিমান তাৎক্ষণিক আকাশে উড্ডয়ন করেছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি মস্কো।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে...
বিশ্ব রাজনীতির সকল নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে! এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন রাশিয়ার...
বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি হাব- শেনজেন। বৃহস্পতিবার সেখানে বহুল প্রতীক্ষিত এক হাই-ভোল্টেজ ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন...
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনে পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যানিলায় পা রাখার আগেই সেখানে তীব্র...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণেই বিশ্রাম দেওয়া হয়েছে তিন তারকা ক্রিকেটার এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। তিন...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৈরী আবহাওয়া ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সুন্দরবনের দুবলার চরে জেলেদের মাছ আহরণ এবং শুকানোর কাজ বন্ধ রয়েছে। রোদে মাছ শুকাতে না পারায় পচন ধরেছে;...
রিপাবলিকান-নেতৃত্বাধীন নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বা ‘রিডিস্ট্রিক্টিং’-এর জোরালো প্রচেষ্টা সত্ত্বেও চলতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নতুন...
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর ফলে জেলায় বিজিবির মোট মোতায়েনের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর