রাজধানীজুড়ে ভবনে অভিযান, রেস্তোঁরা সিলগালা

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১০:৫০ পিএম

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একযোগে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পুলিশ। এসময় বন্ধ করে দেওয়া হয়েছে ১২টি রেস্তোরাঁ এবং গুড়িয়ে দেওয়া হয়েছে একটি ভবনের রুফটপ রেস্টুরেন্ট। বেশ কয়েকজনকে আটকসহ করা হয়েছে জরিমানা। অভিযানে কয়েকটি রেস্তোরাঁয় খাবার টেবিলের পাশে এবং সিঁড়িতে গ্যাস সিলিন্ডারও পাওয়া গেছে। 

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালানো হয়। একই সঙ্গে এদিন রাজধানীতে যেভাবে একের পর এক রুফটপ রেস্তোরাঁ গড়ে তোলা হচ্ছে তাতে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। ঢাকার আবাসিক ও বাণিজ্য ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠনসহ ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা চার মাসের মধ্যে জানানোর জন্যেও বলা হয়েছে। 

এদিন বেলা ১১টার দিকে নকশা বহির্ভূত নির্মাণের দায়ে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে গড়ে ওঠা রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে রাজউক। ভবনটির ছাদে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা ‘রেট্রো লাইভ কিচেন’ নামের রুফটপ রেস্তোরাঁটি ভেঙে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় ভবনটিতে থাকা ১৪টি রেস্তোরাঁ।

অভিযান পরিচালনা করেন রাজউকের জোন ৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। তিনি বলেন, এই ভবনটি রাজউক থেকে অফিস করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রাজউকের নকশায় স্পষ্টত এখনও দেখানো হচ্ছে ভবনের ছাদ খোলামেলা।

তবে ভবন কর্তৃপক্ষের দাবি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমদোন নিয়ে বাণিজ্যিক ভবন করেছেন তারা। তবে বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়েই চলছিলো ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ব্যবসা। রান্নাঘরগুলোর একাধিক চুলায় জ্বলতো সিলিন্ডার গ্যাস।  

আর রাজউক বলছে, বাণিজ্যিক ভবনের অনুমোদন থাকলেও নকশা অনুমোদন হয়েছে এফ ওয়ান ক্যাটাগতিতে। অর্থাৎ ভবনটিতে অফিস চলার কথা। রেস্টুরেন্ট নয়। 

তাজিনা সারোয়ার বলেন, রেস্টুরেন্টগুলো বৈদুতিক সংযোগ পেলো কীভাবে তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে খতিয়ে দেখা হবে রাজউকের কোনো গাফিলতি আছে কিনা সেটিও।

এদিকে রাজউক জানিয়েছে, ‘রেস্তোরাঁ পাড়া’ হিসেবে পরিচিত বেইলি রোডের ভবনগুলোতে নেই রেস্টুরেন্ট দেওয়ার অনুমোদন। রেস্টুরেন্ট করার ক্ষেত্রে ভবনগুলোতে যতোটুকু সেফটি-সিকিউরিটি থাকা প্রয়োজন, এগুলোতে তার কোনোটিই নেই। 

সেখানে প্রায় সব ভবনেই চলছে অনুমোদনহীন রেস্তোরাঁ ব্যবসা। একটি ভবনে অনুমোদনহীন নকশায় বেজমেন্টে খোলা হয়েছে নবাবী ভোজ নামের রেস্তোরাঁ। রাজধানীতে নকশা অমান্য করা এমন ভবন রয়েছে প্রায় চার লাখ। 

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, এ সব বিষয়ে অতীতে একাধিকবার নোটিশ দেয়া হলেও ভবন মালিকরা কর্ণপাত করেননি। রাজধানীতে নকশার অমান্য করা এমন প্রায় চার লাখ ভবনে চলছে হোটেল রেস্ট্রুরেন্ট আর দোকান পাটের মতো নানা ধরনের ব্যবসা। এতো বিপুল ভবনে তদারকি করাটা কঠিন হলেও এবার আর কোনো অবৈধ ভবন রাখা হবেনা। 

নবাবী ভোজে রাজউকের নকশায় অনুমতি না থাকলেও সিটি করপোরেশন, ফয়ার সার্ভিস, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কল কারখানা অধিদপ্তরসহ সবকটি প্রতিষ্ঠানই অনুমোদনহীন বেজমেন্টে রেস্ট্রুরেন্টের অনুমতি দিয়েছে। আর এখানেই উঠেছে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার প্রশ্ন।

অপরদিকে একই দিন বিকেলে রাজধানীর ওয়ারীতে আবাসিক ভবনে রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন।

তিনি বলেন, অবহেলা, তাচ্ছিল্যও বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যারা আবাসিক ভবনে রেস্টুরেন্ট করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

তিনি জানান, শুরুতে র‌্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করেন। রেস্টুরেন্টের ভেতরে কিচেনের পাশে এক্সিট থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে এবং সেই পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। অন্য বেশ কিছু রেস্টুরেন্টেও একই অবস্থা দেখা যায়। এখন পর্যন্ত তিনটি রেস্তোরাঁ থেকে ম্যানেজারসহ অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গ্যাস সিলিন্ডার।

অপরদিকে বিকেলে ধানমন্ডি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

দক্ষিণ সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযানে ধানমন্ডির দুটি বহুতল ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন দুটির একটি জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট ভবন এবং অন্যটি সাত মসজিত রোডের রূপায়ণ জেড আর প্লাজা। 

কেয়ারি ক্রিসেন্ট ভবনটির অগ্নিনিরাপত্তা না থাকায় ভবনটি সিলগালা করা হয় এবং এ ভবনে অবস্থিত ভিসা ওয়ালর্ড ওয়াইড প্রতিষ্ঠানে তিন লাখ টাকা জরিমানা করা হয়। রূপায়ণ জেড আর প্লাজার ভেতরে দি বুফে এম্পায়ার রেস্টুরেন্টকে ফায়ার লাইসেন্স গ্রহণ না করাএবং লাইসেন্সের শর্ত পালন না করায় বাফেট লাউঞ্জ এবং বাফেট প্যারাডাইস রেস্টুরেন্টগুলোর প্রত্যেককে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ভবন দুটিতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এই ঘোষণার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ভবন দুটিতে ‘ঝুঁকিপূর্ণ’ ব্যানার টানিয়ে দেওয়া হয়। ভবন দুটিতে থাকা অধিকাংশ রেস্টুরেন্ট, শো রুম ও অফিসে কোনো লোক পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। দগ্ধ হয়েছেন আরও ১১ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট জন শিশু। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে রমনা মডেল থানায় মামলাটি করে পুলিশ।

 

 

একাত্তর/এসি
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৪ মার্চ ২০২৪, ২২:১৪
রাজধানীজুড়ে ভবনে অভিযান, রেস্তোঁরা সিলগালা
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের হার একই রাখার প্রস্তাবসহ সাত দফা দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। 
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর