দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারজুড়ে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকার অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।
শান রাজ্য, মাগওয়ে অঞ্চল এবং রাখাইন রাজ্যে আলাদা এসব হামলায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে উদ্ধারকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তা সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
উদ্ধারকর্মীরা জানান, শনিবার বিকেলে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের মো বাই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে অন্তত ২১ জন নিহত এবং ৩৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বিমান হামলা চালানো হলে শিক্ষার্থী, তরুণ বৌদ্ধ ভিক্ষু ও শিক্ষকসহ অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে। মাগওয়ে অঞ্চলে জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনীগুলো বেশ সক্রিয় রয়েছে।

অন্যদিকে, শনিবার সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরের একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করা হলে ১০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাটি জান্তাবিরোধী অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে রয়েছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সাবেক নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকার উৎখাত হওয়ার পর থেকে মিয়ানমারে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ চলছে।
তখন থেকেই দেশজুড়ে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে সামরিক বাহিনী; বিশেষ করে এনইউজি ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণে থাকা যেসব এলাকা জান্তা বাহিনী দখলে নিতে পারছে না, সেখানে গ্রাম পুড়িয়ে দেওয়া এবং স্থল ও আকাশপথে অভিযান অব্যাহত রয়েছে।
রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমার দোষী সাব্যস্ত হওয়ার মাত্র এক সপ্তাহ পরই এই নতুন বিমান হামলাগুলোর ঘটনা ঘটলো।
২০১৭ সালে সামরিক বাহিনীর দমন-পীড়নে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। যদিও মিয়ানমার সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দেওয়ার দাবি করে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল, তবে কোনো আন্তর্জাতিক আদালতে একটি রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা ইতিহাসে এটিই প্রথম।
তথ্যসুত্র: বিবিসি
