দেশকে পেছনে না নেয়ার আহ্বান প্রধানমন্ত্রী সানচেজের

স্পেনের সাধারণ নির্বাচন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

রোববার স্পেনের সাধারণ নির্বাচন। শুক্রবার (২৭ নভেম্বর) নির্বাচনী প্রচারণার শেষ দিনে রক্ষণশীল ও অতি-ডানপন্থী জোটের সম্ভাব্য বিজয়ের পূর্বাভাসের মধ্যে স্পেনকে ‘পেছনের দিকে’ যাওয়া থেকে রক্ষা করতে ভোটারদের প্রতি শেষ আহ্বান জানিয়েছেন বর্তমান সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ১২ মাসে ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এমন নির্বাচনী চক্রের সূচনা হতে যাচ্ছে স্পেনের এই ভোটের মাধ্যমেই।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম প্রগতিশীল নেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করলেও দেশের ভেতরে মেরুকরণের রাজনীতিতে আট বছরের শাসনক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন সানচেজ। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, প্রধান রক্ষণশীল দল পপুলার পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেয়ে আবারও একটি ঝুলন্ত পার্লামেন্টে নেতৃত্ব দিতে পারে।

সে ক্ষেত্রে সরকার গঠনের জন্য পিপি-কে স্পেনের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি ও অভিবাসনবিরোধী অতি-ডানপন্থী দল ভক্স পার্টির ওপর নির্ভর করতে হতে পারে। ভক্স পার্টি এবার তাদের আসন সংখ্যা দ্বিগুণ করতে পারে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি অঞ্চলে পিপি-র সঙ্গে জোট বেঁধে শাসন করছে। জাতীয় পর্যায়ে এমন জোট গঠিত হলে তা হবে ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী স্বৈরশাসনের পর স্পেনের গণতান্ত্রিক যাত্রায় প্রথম ঘটনা।

শুক্রবার মাদ্রিদে এক নির্বাচনী সমাবেশে অস্কারজয়ী স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক পেদ্রো আলমোদোভারের বক্তব্যের পর সানচেজ সতর্ক করে বলেন, পিপি ও ভক্সের জোট সরকার গঠিত হলে তা বছরের পর বছর ধরে অর্জিত সামাজিক অগ্রগতিকে উল্টে দেবে এবং জনসেবা খাতকে ধ্বংস করে দেবে। ‘জনগণের শক্তি’ স্লোগানসংবলিত লাল টি-শার্ট পরিহিত সানচেজ বলেন, এই নির্বাচন স্পেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, পেছনের দিকে টেনে নেওয়ার নয়। প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা হাতের নাগালেই রয়েছে উল্লেখ করে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ২০২৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠনে ব্যর্থ হওয়া পিপি নেতা আলবার্তো নুনেজ ফেইজো সানচেজের প্রচারণাকে ‘ভয়ের রাজনীতি’ বলে প্রত্যাখ্যান করেছেন। দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলে সমাপনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়ায় ১৩ বছর শাসন করা ফেইজো বলেন, যখন কোনো সরকারের দেওয়ার মতো ভয় ছাড়া আর কিছু থাকে না, তখন বুঝতে হবে তাদের দেয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই।

দেশ চালানো হলো ব্যবস্থাপনার বিষয়, আর এই মুহূর্তের জন্য আমি সারা জীবন প্রস্তুতি নিয়েছি। পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ার একটি বুলরিংয়ে সমাপনী সমাবেশে ভক্স নেতা সান্তিয়াগো আবাসকাল সানচেজ সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির কেলেঙ্কারির প্রতি ইঙ্গিত করে সমর্থকদের ভয়ে নয়, বরং সাহসের সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান।

মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশেষজ্ঞ পালোমা রোমান বার্তা সংস্থা এএফপিকে জানান, বামপন্থীদের প্রতি সহানুভূতিশীল নিষ্ক্রিয় ভোটারদের কেন্দ্রে টানতে প্রচারণার শেষ ঘণ্টাগুলো সানচেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সাম্প্রতিক কিছু জরিপে সোশ্যালিস্টদের সঙ্গে পিপি-র ব্যবধান কমে আসার ইঙ্গিত পাওয়া গেছে, যা স্প্যানিশ রাজনীতির ‘গ্রেট সারভাইভার’ হিসেবে পরিচিত সানচেজের আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

ভোটারদের এই জাগরণ বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউয়ের নেতৃত্বাধীন অতি-বামপন্থী ‘ফ্রেন্তে আম্পলিও’ (ব্রড ফ্রন্ট) জোটকেও শক্তিশালী করতে পারে, যাদের সমর্থন ক্ষমতায় টিকে থাকতে সানচেজের প্রয়োজন হবে। পালোমা রোমানের মতে, রোববার ভোটের হার অনেক বেশি—সম্ভবত ৭৮ শতাংশ পর্যন্ত হতে পারে, তবে ডানপন্থী ব্লককে ছাড়িয়ে যাওয়ার মতো যথেষ্ট ভোট বামপন্থীরা পাবে কি না তা এখনো অনিশ্চিত।

প্রচারণায় সানচেজ অভিবাসন ইস্যুতে তাঁর স্পষ্ট অবস্থান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ এবং ইসরাইলের কঠোর সমালোচনার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম অর্থনীতির গতিশীলতাকে তুলে ধরেছেন। অক্টোবরে জরুরি আবাসন ডিক্রি ডানপন্থীরা প্রত্যাখ্যান করার পর ২০২৭ সালে নির্ধারিত নির্বাচন এগিয়ে এনেছিলেন সানচেজ।

চলতি মাসের শুরুতে ভাড়াটিয়াদের সুরক্ষায় নতুন পদক্ষেপ নিলেও ডানপন্থীরা আবাসন ব্যয় বৃদ্ধির জন্য সানচেজের সরকারকেই দায়ী করছে।

এ ছাড়া শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে নভেম্বরে মূল্যস্ফীতি ৪ দশমিক ১ শতাংশে পৌঁছানোর খবর জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি গত জুলাইয়ে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান শহর সেউটায় হাজার হাজার অভিবাসীর প্রবেশ এবং ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো উপকূলে নৌকা থেকে আট থেকে দশজন অভিবাসীর মরদেহ উদ্ধারের ঘটনা সানচেজের অভিবাসন নীতিকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে।

তথ্যসূত্র: ফার্স্টপোস্ট

একাত্তর/এআরএস
রোববার সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন স্পেনের নাগরিকেরা। এই নির্বাচনে টানা আরেক মেয়াদে ক্ষমতায় থাকার লড়াইয়ে নেমেছেন বর্তমান সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যাঁর সামনে প্রধান বাধা হয়ে...
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা থেকে অন্তত আট থেকে দশজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী দল বার্তা সংস্থা এএফপিকে এই...
উত্তাল আটলান্টিকের বুকে জীবন বাজি রেখে ইউরোপের স্বপ্নে পাড়ি জমানো মানুষের স্রোত যেন থামছেই না। শনিবার একদিনেই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী, যা ২০২০ সালের...
আবাসন সংকট ও আকাশছোঁয়া বাড়িভাড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেন। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় আগাম সাধারণ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বুধবার দেশজুড়ে পালিত সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন ৩০ লাখেরও...
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরের দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারজুড়ে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকার অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। শান রাজ্য, মাগওয়ে অঞ্চল এবং রাখাইন রাজ্যে আলাদা এসব...
বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী এক ডিসেম্বর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ঘোষণা দিয়েছেন, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে গঠিত একটি ঐক্য সরকারের অধীনে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছাড়তে প্রস্তুত রয়েছেন। বিরোধী দলগুলোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর