রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
রাতে এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৭১ জন। তবে এই তথ্য বিকেল পাঁচটা ২৫ পর্যন্ত হালনাগাদের।
এদিকে নির্ভরযোগ্য সূত্র একাত্তরকে জানিয়েছে, ঢাকা মেডিক্যালে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মেহেরীন চৌধুরী এবং ছাত্র আব্দুল্লাহ শামীম নামে আরও দুই জনের মৃত্যু।
