অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ গোটা বিশ্বের মুসলিমদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসাবে গণ্য হয়ে আসছে। মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। আল-আকসাকে বলা হয় প্রথম কেবলাও।
প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। তবে রমজান মাসে এই আল-আকসা মসজিদে নামাজ আদায়ে রয়েছে বিশেষ গুরুত্ব। সেই কারণে পবিত্র মাসটিতে সেখানে ঢল নামে মুসল্লিদের। কিন্তু, সব সময় তাদেরকে মুখোমুখি হয় ইসরাইলি বাধার।
ইসরাইলি সেনাদের তল্লাশি ও আরোপিত কঠিন বিধি-নিষেধ উপেক্ষা করেই পবিত্র আল-আকসা প্রাঙ্গণে প্রায় সোয়া এক লাখ মুসল্লি এক সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। কাতারভিত্তিক গণমাধ্যমে আল-জাজিরা জানিয়েছে, রমজানের তৃতীয় শুক্রবারে আল-আকসা প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নেমেছিলো।
অধিকৃত পূর্ব জেরুজালেম শহরের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, পবিত্র রমজান মাসের তৃতীয় শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রায় এক লাখ ২৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। তবে এজন্য তাদেরকে কঠিন তল্লাশির মুখে পড়তে হয়েছে।

ইসরাইলি বাহিনী মসজিদের প্রবেশদ্বারে এবং জেরুজালেমের ওল্ড সিটিতে ব্যারিকেড স্থাপন করে মুসল্লিদের প্রবেশে বাধা দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, জেরুজালেমের রাস্তায় বেশ কয়েকটি প্রবেশ পথ ইসরাইলি সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে, পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের যাতায়াতে বাধা দিয়েছে।
ইসরাইলি সেনারা তুবাসের পূর্বে তায়াসির চেকপয়েন্ট এবং জেরিকোর দিকে যাওয়ার রাস্তাগুলো পুরোপুরি বন্ধ করে দেয়ার পাশাপাশি ব্যাপক সংখ্যক তল্লাশি চৌকি বসিয়েছে। তল্লাশির সময় অপেক্ষাকৃত তরুণ বয়সের ফিলিস্তিনিদের আক-আকসা প্রাঙ্গণের দিতে যেতে বাধা দেয়া হয়েছে।
জুম্মার আগে ওল্ড জেরুজালেমে কয়েক হাজার পুলিশ মোতায়েন করে ইসরাইল। তবে, পুলিশের সঙ্গে মুসল্লিদের কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দখলদার ইসরাইল সেখানে মুসল্লিদের প্রবেশে বাধা দেয়ার চেষ্টা করার পরও দলে দলে মানুষ মসজিদটিতে গেছেন।

১৪ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত আল -আকসা প্রাঙ্গণে রয়েছে আল-আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামেও পরিচিত। এছাড়াও আছে সোনালী গম্বুজবিশিষ্ট ‘ডোম অফ দ্য রক’, যা জেরুজালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটিই পবিত্র হিসেবে বিবেচিত।
পূর্ব জেরুজালেমের পাহাড় চূড়ায় অবস্থিত আল-আকসা মুসলিমদের কাছে ‘হারাম আল-শরীফ’ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত ‘টেম্পল মাউন্ট’ হিসেবে। এখানে ১৫টি গেট ছিল, যেদিক দিয়ে ময়দানে প্রবেশ করে থাকে জেরুজালেমের ওল্ড সিটি থেকে আসা ধর্মানুরাগীরা ।
যদিও এই গেটের মাত্র ১০টি এখন ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরাইলি সেনা ও পুলিশ। গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরও সেখানে ইসরাইলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়েছে।
আমেরিকা-ইসরাইলের প্রেমে ভাঙনের সুর!
হামাসের টিকিও ছোঁয়া যাচ্ছে না! 