ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান। বুধবার হিজবুল্লাহ জানিয়েছে, প্রতিরোধ আন্দোলনে প্রকৃত বিজয় অর্জনের জন্য জোটের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর রয়টার্স’র।
ইরান সমর্থিত আঞ্চলিক জোটের অংশ ভারী অস্ত্রে সজ্জিত হিজবুল্লাহ প্রতিদিন ইসরাইলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। পাল্টা তাদের অবস্থানে হামলা চালাচ্ছে ইসরাইল। ৭ অক্টোবর হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে এই পরিস্থিতি বিরাজমান।
বৈঠকে উপস্থিত ছিলেন হিজবুল্লাহর সায়েদ হাসান নাসরাল্লাহ, হামাসের উপ-প্রধান সালেহ আল-আরৌরি ও ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখালা। এক বিবৃতিতে বৈঠকের কথা জানালেও কখন তা অনুষ্ঠিত হয়েছে তা জানায়নি লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অবস্থানগুলো নিয়ে পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে গাজা ও ফিলিস্তিনের প্রতিরোধে প্রকৃত জয় অর্জনে ও নৃশংস আগ্রাসন প্রতিরোধে করণীয় নিয়েও আলোচনা হয়েছে। সমন্বয় চালিয়ে যাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
বুধবার হিজবুল্লাহ জানায়, তাদের আরও দুই যোদ্ধা নিহত হয়েছেন। এর ফলে হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের নিহত যোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
ইসরাইলকে অনিয়ন্ত্রিত হত্যার অনুমতি দান অনুচিত: কাতারের আমির