হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলকে অনিয়ন্ত্রিতভাবে ফিলিস্তিনিদের হত্যার অনুমতি দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে না বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। এতে বৈশ্বিক নিরাপত্তার হুমকি বাড়তে পারে।
দেশটির শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে তিনি এই মন্তব্য করেন। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত ছড়িয়ে পড়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য মন্তব্য। খবর রয়টার্স’র।
কাতারের আমির বলেছেন, আমরা বলছি যথেষ্ট হয়েছে। ইসরাইলকে শর্তহীন সবুজ সংকেত এবং অনিয়ন্ত্রিত হত্যার অনুমতি দেওয়া উচিত হবে না।
৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে প্রায় দেড় হাজার নিহত হয়েছেন। দুই শতাধিক ইসরাইলি ও বিদেশি নাগরিককে জিম্মি করেছে হামাস। এর জবাবে গাজায় হামাসকে নিশ্চিহ্ন করতে বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। তাদের বোমাবর্ষণে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাতারের আমির বলেছেন, যে উত্তেজনা বৃদ্ধি আমরা দেখছি, তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই উত্তেজনা বৃদ্ধি মধ্যপ্রাচ্য ও বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।
তিনি আরও বলেন, আমরা দ্বিচারিতাকে মেনে নিই না। ফিলিস্তিনি শিশুদের জীবনের কোনও গুরুত্ব নেই, এমন আচরণ আমরা গ্রহণ করি না।
সংঘাত শুরুর পর কাতার ইসরাইল, হামাস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। তাদের উদ্যোগে এখন পর্যন্ত চারজন জিম্মি মুক্তি পেয়েছেন।
গাজায় এখনই যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র