‘গাজায় যুদ্ধবিরতির জন্য এখন উপযুক্ত সময় নয়’ বলে জানিয়েছে মার্কিন মুখপাত্ররা। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এ কথা জানান।
হামাস-ইসরাইলের যুদ্ধবিরতি সম্পর্কে প্রশ্ন করলে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি না যে এখনই যুদ্ধবিরতির সময়। খবর বিবিসি’র।
তিনি আরও বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। হামাসের নেতৃত্ব ধ্বংস করতে ইসরাইলের এখনও অনেক কাজ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরেক কর্মকর্তা ম্যাথু মিলার একই প্রশ্নের জবাবে বলেন, গাজায় এখন ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর করলে হামাস উপকৃত হবে। আমরা গাজায় মানবিক সহায়তা দিতে মনোনিবেশ করব।
তিনি বলেন, ইসরাইলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট উৎক্ষেপণ অব্যাহত রয়েছে। যেকোনো যুদ্ধবিরতি হামাসকে বিশ্রাম নিয়ে এবং পুনরায় তৈরি হয়ে ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার ক্ষমতা দেবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে ব্যাপকভাবে কাজ করছে। বেসামরিক বাসিন্দাদের যুদ্ধের ক্ষতি থেকে রক্ষা করতেও কাজ করে যাচ্ছে।
সংঘাত শুরুর দুই সপ্তাহ পরও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার ভোরে দক্ষিণ গাজায় এক বিমান হামলায় কয়েক ডজন আহতসহ অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া রাফাহ সীমান্তে আরও ২৩ বেসামরিক ফিলিস্তিনির নিহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতালের চিকিৎসক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ৪৩৬ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে অঞ্চলটিতে অন্তত ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ হাজার ২৭৩ জন।
‘যুদ্ধবিরতির আগে ইসরাইলকে নিরাপত্তার আশ্বাস দিতে হবে’