ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও আটকে দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি।
শুক্রবার নিউইয়র্কে নিরাপত্তা পরিষদে সবগুলো আরব দেশের পাশাপাশি ৫৫টি দেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে। খবর আল জাজিরার।
চীন, রাশিয়া ও ফ্রান্সসহ নিরাপত্তা পরিষদের ১৫টি স্থায়ী-অস্থায়ী সদস্য দেশের মধ্যে ১৩টি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু প্রস্তাবটির বিরোধিতা করে দুই স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন।
নিরাপত্তা পরিষদের ওই ভোটাভুটির আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রস্তাবটি পাস করার জন্য সদস্য দেশগুলোর প্রতি জোর আবেদন জানিয়ে বলেছিলেন, গাজা উপত্যকার নিরপরাধ নারী ও শিশুদের প্রাণ বাঁচাতে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ভেটোতে প্রস্তাবটি পাস না হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রদূত মোহাম্মাদ আবু শাবাব দুঃখ প্রকাশ করে বলেছেন, অবিরাম বোমাবর্ষণের শিকার গাজাবাসীর কাছে আমরা কোনো ভালো বার্তা পাঠাতে পারলাম না।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড গতরাতের ভোটাভুটিতে অংশ নেন। তিনি দাবি করেন, মার্কিন সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবিদার হলেও প্রস্তাবটিতে বাস্তবতা প্রতিফলিত হয়নি বলে ওয়াশিংটন এর বিপক্ষে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে ওয়াশিংটনের মিত্র ব্রিটেনের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, প্রস্তাবটিতে হামাসের নিন্দা না করার কারণে লন্ডন ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ৭ অক্টোবর গাজার হামাস সরকার ইসরাইলে সামরিক অভিযান চালায়। এর পরপরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। টানা দেড় মাসের ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছে ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
সবশেষ ১৭ অক্টোবর প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। সেবারও সেই প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।
ইরাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে আগুন, নিহত ১৪
নতুন মার্কিন স্যাংশন, তালিকায় নেই বাংলাদেশ