ইসরাইলের অভ্যন্তরে হামাস এমনি এমনি অভিযান চালায়নি উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হামাসের ৭ অক্টোবরের অভিযানকে কেন্দ্র করে কোনোমতেই ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণকে সম্মিলিত শাস্তি দিতে পারে না। গাজার ওপর ইসরাইল যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দোহা ফোরামে ভার্চুয়ালি যোগ দিয়ে রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় গাজার সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান। খবর পার্সটুডে ও আল জাজিরার।
ল্যাভরভ বলেন, ইসরাইলের অভ্যন্তরে হামাস এমনি এমনি নজিরবিহীন এই অভিযান চালায়নি, বরং তারা এই হামলা চালিয়েছে দশকের পর দশক অবরুদ্ধ থাকা এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আশ্বাস পূরণ না হওয়ার ক্ষোভ থেকে এই অভিযান চালানো হয়েছে।
এছাড়া ইসরাইলের পাশাপাশি বসবাস করে তারা শুধু নিরাপত্তাহীনতা পেয়েছে, কখনো ইসরাইলের কাছ থেকে প্রতিবেশীসুলভ আচরণ পায়নি বলেও নিন্দা জানান তিনি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান গাজা যুদ্ধে আরেকটি প্রবণতা দেখা যাচ্ছে যে, আন্তর্জাতিক অঙ্গনে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও সেলিব্রেটি যারা অতীতে কখনো যা ভাবেনি তারা এখন তাই গ্রহণযোগ্য বলে মনে করছেন।
এদিকে গাজা উপত্যকা ও ইরান-রাশিয়া সম্পর্ক নিয়ে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সন্ত্রাসী হুমকি মোকাবেলার নামে গাজার বেসামরিক জনগণের ওপর যেকোনো ধরনের আগ্রাসন রাশিয়া সমর্থন করে না বলে ফোনালাপে জানিয়েছেন পুতিন।
এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় হামলা শুরু করে ইসরাইল। দুই মাসেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় ১৮ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। হামলা ও অবরোধে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পানি, খাদ্য এবং অন্যান্য মৌলিক সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে গাজার বাসিন্দারা।
পুতিনের সাথে ফোনালাপে নেতানিয়াহুর ক্ষোভ
গাজায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়ালো