গাজায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরাইলে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। মঙ্গলবার তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন শ্রেণির ৫৪টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাজায় কোনো যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অবিলম্বে এই রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে, বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলার অনুরোধ ইসরাইল প্রত্যাখ্যান করলে তুরস্ক পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছিলো। এরপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপিত পণ্যের মধ্যে লৌহ ও স্টিলের পণ্য, নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি রয়েছে।
গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের শুরু থেকেই নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। আগ্রাসনবিরোধী জোরালো বক্তব্য দিলেও ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল তুরস্ক, যা দেশটিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলো।
গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালালে প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জন জিম্মি হয় বলে দাবি ইসরাইলের। এ হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। ছয় মাসের ইসরাইলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইরানি হামলার ভয়ে ইসরাইরলের লেজেগোবরে অবস্থা!