গাজায় বড় ধরনের কিছু একটা ঘটছে- এমন বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কিছুদিন আগেই সতর্ক করেছিল মিসর। কিন্তু বিষয়টি একদমই আমলে নেননি তিনি। আর এই তথ্য ফাঁস হয়ে গেছে ইসরায়েলি সংবাদমাধ্যমে।
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হামাসের যোদ্ধারা তাদের ভূখণ্ডে ঢুকে তাণ্ডব চালানোর পর তোপের মুখে নেতানিয়াহু’র সরকার। এর মধ্যেই এলো এই খবর। খবর আল জাজিরা’র।
নেতানিয়াহু’র প্রশাসনের বিরুদ্ধে নানা কারণে আগে থেকেই চরম ক্ষোভ ছিল ইসরাইলিদের ভেতর। কিন্তু হামাসের সঙ্গে সংঘাতের পঞ্চম দিনে এমন খবরে ক্ষোভকে আরও উসকে দিয়েছে।
কিন্তু মিসরের পক্ষ থেকে হামলার বিষয়ে সতর্ক করা হয়নি বলে অস্বীকার করছেন নেতানিয়াহু। কিন্তু মিশরীয় বিবৃতি সম্পর্কে নতুন তথ্য ফাঁস ইসরাইলিদের আরও ক্ষুব্ধ করছে। ইসরাইলের প্রশাসনে চরম বিশৃঙ্খলার মধ্যেই আবারও নেতানিয়াহুর পদত্যাগের দাবি তুলছে সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক হুদা আব্দেল হামিদ পূর্ব জেরুজালেম থেকে জানিয়েছেন, এই ঘটনাটা কত দূর গড়াবে তা এখনই বলা যাচ্ছে না। তবে সংঘাতের মধ্যে দ্রুত সময়ের মধ্যে ঐক্যমত্যের সরকার গঠনের জন্য নেতানিয়াহুর ওপর চাপ রয়েছে। কারণ তাকে দেখাতে হবে, এই যুদ্ধের মধ্যে তিনি একটি ঐক্যমত্যের সরকারকে নেতৃত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, ঐক্যবদ্ধ দেশকে গাজার বিরুদ্ধেও নেতৃত্ব দিচ্ছেন।
ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার সকালে অতর্কিত আক্রমণ চালায়। কিছুক্ষণের মধ্যে গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলের দক্ষিণাঞ্চলের দিকে অন্তত পাঁচ হাজার রকেট ছুড়ে তারা। এতে দিশা হারিয়ে ফেলে ইসরাইলি সীমান্তরক্ষীরা।
এরপর হামাসের কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা কাঁটাতারের বেষ্টনী ভেদ করে ইসরাইলে প্রবেশ করে তাণ্ডব চালায়। এর জেরে, গাজায় শনিবার থেকে বুধবার পর্যন্ত বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার।
বিদ্যুৎবিহীন গাজা, বিপদে হাসপাতাল