ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বর হামলায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকই শিশু। এর মধ্যে গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিন শতাধিক ফিলিস্তিনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। নিহতদের অর্ধেকই শিশু।
স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়বে। গাজায় কয়েক হাজার আহত মানুষ চিকিৎসা পাচ্ছে না। ইসরাইলি হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র।

এদিকে এখনও বন্ধ রয়েছে গাজার বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। ফলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
এছাড়াও খাবার ও বিশুদ্ধ পানির সংকট প্রকট হয়েছে। গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল।

এমন পরিস্থিতিতে গাজায় ইসরাইলের স্থল অভিযান দ্বিতীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে এ যুদ্ধ আরও দীর্ঘ এবং কঠিন হবে।
নেতানিয়াহুর মতই দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ধীরে ধীরে গাজার ভেতরে ঢুকে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরাইলি বাহিনী। এর আগে বিমান থেকে লিফলেট ফেলে ফিলিস্তিনিদের উত্তর গাজা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বিমান বাহিনী।
গাজায় ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী: ল্যাভরভ