ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে লক্ষ্য করে ৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কর্তব্যরত ১১ চিকিৎসাকর্মী নিহত ও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
একটি বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইসরাইলের হামলায় স্বাস্থ্য সুবিধা দেওয়ার ১৯টি কাঠামো এবং ২০টি অ্যাম্বুলেন্সের ক্ষতি হয়েছে। গাজায় অবকাঠামোর ক্ষতির কারণে মাঠে জরুরি মেডিকেল টিমের কাজ বাধাগ্রস্ত হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরা’র।
বিবৃতিতে বলা হয়, গাজায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির কাছে জেনারেটর ব্যবহার করে মাত্র কয়েক ঘণ্টার বিদ্যুৎ সরবরাহের মতো জ্বালানি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে তাদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। আর এ জ্বালানি ফুরিয়ে গেলে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিতে হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে ইসরাইলি বিমান হামলায় অন্তত এক হাজার ৫৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৫০০টি শিশু এবং ২৭৬ জন নারী রয়েছে। আহত হয়েছেন ছয় হাজার ৬১২ জন।
এদিকে, গাজা উপত্যকা লক্ষ্য করে ছয় হাজার বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, এসব বোমার ওজন প্রায় চার হাজার টন।
গাজার কোথাও এখন আর নিরাপদ নয়